জমে উঠেছে ডানেডিন টেস্ট
অধিনায়ক গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস ও জ্যাকুয়েস রুডলফের সেঞ্চুরিতে ডানেডিন টেস্টের দ্বিতীয় ইনিংসে শক্ত অবস্থান তৈরি করেছিল দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য নিউজিল্যান্ডকে ৪০১ রানের লক্ষ্য বেঁধে দিয়ে ইনিংস ঘোষণা করেছিলেন স্মিথ। কিন্তু এখন ইনিংসটা আরও কিছুটা দীর্ঘায়িত না করার জন্য আক্ষেপই করতে পারেন প্রোটিয়া অধিনায়ক। কারণ, ৪০১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আজ চতুর্থ দিন শেষে স্কোরবোর্ডে ১৩৭ রান জমা করে ফেলেছে নিউজিল্যান্ড। জয়ের জন্য পঞ্চম দিনে কিউইদের দরকার আর ২৬৪ রান। অন্যদিকে জয়ের জন্য শেষ দিনে সফরকারী দক্ষিণ আফ্রিকার প্রয়োজন আরও আটটি উইকেট।প্রথম ইনিংসে ৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বেশ শক্ত অবস্থান তৈরি করেছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৫ উইকেট হারিয়ে ৪৩৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছিল প্রোটিয়ারা। জবাবে ৪০১ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার মার্টিন গুপ্তিলকে হারিয়ে কিছুটা চাপের মুখে পড়েছিল নিউজিল্যান্ড। আরেক ওপেনার রব নিকোলও খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ইমরান তাহিরের শিকারে পরিণত হয়ে ফিরেছেন মাত্র ১৯ রান করে। তবে তৃতীয় উইকেটে ৮২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে কিউই শিবিরে আশার আলো জ্বালিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক রস টেলর। দিনশেষে ৫৮ রানে অপরাজিত আছেন ম্যাককালাম। আর ৪৮ রান নিয়ে পঞ্চম দিনে মাঠে নামবেন টেলর। ক্রিকইনফো