জমে উঠেছে ডারবান টেস্ট
ভারতের প্রথম ইনিংস দেখে মনে হয়েছিল, দক্ষিণ আফ্রিকার একাধিপত্য দিয়ে শেষ হবে টেস্টটা। কিন্তু সেই ধারণাকে মিথ্যা প্রমাণিত করে জমে উঠেছে ডারবান টেস্ট। ভারতের ২০৫ রানের পর দক্ষিণ আফ্রিকা অলআউট হয় মাত্র ১৩১ রানে! আলোস্বল্পতার কারণে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ চার উইকেটে ৯২ রান। এখন পর্যন্ত ১৬৬ রানে এগিয়ে মহেন্দ্র সিং ধোনির দল, হাতে রয়েছে আরও ছয়টি উইকেট।দ্বিতীয় দিনটি হয়েছে শুধুই বোলারদের। ব্যাটসম্যানদের হতাশার দিনে পড়েছে ১৮টি উইকেট! প্রথম ইনিংসে ৭৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ভারত। কিন্তু বোলারদের দাপট থেকে এখানেও রক্ষা পাননি ব্যাটসম্যানরা।ভারতের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। মুরালি বিজয়কে সঙ্গে নিয়ে রানের চাকা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বীরেন্দর শেবাগ। কিন্তু দলীয় ৪২ রানে শেবাগ (৩২) আউট হলেই শুরু হয় বিপর্যয়। এখান থেকে ৫৬ রানে যেতেই ভারতের চার উইকেট নেই! বিজয় নয়, দ্রাবিড় দুই ও টেন্ডুলকার ছয় রান করে সাজঘরে ফেরেন। লক্ষ্মণ ২৩ ও পূজারা ১০ রানে অপরাজিত থাকেন। যেভাবে দ্রত উইকেট পড়ছিল, তাতে আলোস্বল্পতার কারণে খেলা বন্ধ না হলে ভারতের ইনিংসটা কত দূর যেত প্রশ্ন সাপেক্ষ। তার পরও স্বস্তি পেতেই পারে ভারতীয় দল। আগের ইনিংসের রান মিলিয়ে এগিয়ে ১৬৬ রানে। হাতে রয়েছে আরও ছয়টি উইকেট। তৃতীয় দিনের একটু দেখে-শুনে খেলতে পারলে যে সংগ্রহ হবে তা-ও তো লড়াইয়ের জন্য একেবারে অল্প পুঁজি নয়! ক্রিকইনফো।