জমে উঠেছে বরিশাল-সিলেট লড়াই
রাজশাহীতে জমে উঠেছে বরিশাল ও সিলেটের ম্যাচ। ২৫৭ রানে অলআউট হওয়া বরিশাল সিলেটকে অলআউট করে দিয়েছে ২৫২ রানে। বোলিংয়ে ৫ উইকেট নেওয়ার পর সিলেটের অধিনায়ক অলক কাপালি ব্যাট হাতে করেছেন ৮৬ রান। অধিনায়কদের লড়াইয়ের পর এবার শুরু হয়েছে সেরা ব্যাটসম্যান হওয়ার লড়াই। কাল ৫০ রান করে রাজিন সালেহ (৫৪৯) ছাড়িয়েছেন বরিশালের নাসিরউদ্দিন ফারুককে। তবে দিনশেষে ১১ রানে ব্যাটিং করা নাসিরউদ্দিন ফারুক (৫৩১) খুব একটা পিছিয়ে নেই রাজিনের চেয়ে।১ উইকেটে ২৬ রান তুলে দ্বিতীয় দিন শেষে ৩২ রানের লিড নিয়েছে বরিশাল। এর আগে দুই অফ স্পিনার সোহাগ গাজী ও তারিকুলের বোলিংয়ে ২৫২ রানেই শেষ হয়ে যায় সিলেট। ৪০ উইকেট নিয়ে এবারের লিগের সর্বোচ্চ উইকেটশিকারি সোহাগ গাজী ৫টি ও তারিকুল ৩টি উইকেট নিয়ে শেষ করে দেন সিলেটকে। এ নিয়ে এবারের লিগে চারবার ৫ উইকেট পেলেন ১৯ বছর বয়সী সোহাগ। অলক কাপালি (৮৬) ও রাজিন সালেহ (৫০) চতুর্থ উইকেটে যোগ করেন ৯৪ রান। পাঁচে নামা কাপালি শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন। তাঁর ১৪৩ বলের ইনিংসটিতে ছিল ১১টি চার ও ১টি ছক্কা। সিলেট মাত্র ২ রানে হারিয়েছে তাদের শেষ ৩ উইকেট।বগুড়ায় ফাইনালের পোশাকি মহড়ায় ঢাকার ২৯৪ রানের দারুণ জবাব দিচ্ছে রাজশাহী। কোনো উইকেট না হারিয়েই ২০৬ রান তুলে দিন শেষ করেছে রাজশাহী। এবারের লিগে ওপেনিংয়ে এটাই সর্বোচ্চ রানের জুটি, আর সব মিলিয়ে যা চতুর্থ সর্বোচ্চ। ডানহাতি ওপেনার মিজানুর রহমান ১৩৯ রানে ও অভিষেক মিত্র ৫৬ রানে ব্যাটিং করছেন। নিজের ষষ্ঠ প্রথম শ্রেণীর ম্যাচে এসে প্রথম সেঞ্চুরি পেলেন এর আগে কোনো ফিফটিও না পাওয়া মিজানুর। ঢাকায় সূর্যতরুণের পক্ষে খেলা মিজানুরের ১৬৪ বলের ইনিংসটি ২২টি চারে সাজানো। অভিষেকে পেয়েছেন তাঁর দ্বিতীয় ফিফটি।এর আগে ঢাকা আগের দিনের ২১৭ রানের সঙ্গে আরও ৭৭ রান যোগ করে অলআউট হয়ে যায়। ৮ নম্বরে নামা আরমান হোসেন করেছেন ৬৫ রান। বড় দৈর্ঘ্যের ম্যাচে ২৭ বছর বয়সী আরমানের এটাই প্রথম ফিফটি। রাজশাহীর ডানহাতি মিডিয়াম পেসার দেলোয়ার হোসেন ৭০ রানে নিয়েছেন ৪ উইকেট।