জমে উঠেছে লর্ডস টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টের তৃতীয় দিনে জমজমাট লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছেন স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৩০৯ রানের জবাবে আজ তৃতীয় দিনে ৩১৫ রান সংগ্রহ করে ইনিংস শেষ করেছে ইংল্যান্ড। মাত্র ৫টি রানের জন্য টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকটির দেখা পাননি জেমস বেয়ারস্ট্রো। দক্ষিণ আফ্রিকার পক্ষে চারটি করে উইকেট নিয়েছেন মরনে মরকেল ও ডেল স্টেইন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১৭ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।৫ উইকেটে ২০৮ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। স্কোরবোর্ডে মাত্র ১৩ রান যোগ করেই সাজঘরে ফেরেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ম্যাট প্রিয়র। কয়েক ওভার পর একই পরিণতি হয় স্টুয়ার্ট ব্রডেরও। ইংলিশ স্কোরবোর্ডে তখন জমা হয়েছে ২৫২ রান। তবে এর পরও বেশ ভালোভাবেই লড়াই চালিয়ে যাচ্ছিলেন জেমস বেয়ারস্ট্রো। কিন্তু তাঁর দুর্দান্ত ইনিংসটি শেষ হয় আফসোস নিয়ে। মরনে মরকেলের বলে বোল্ড হয়ে যখন তিনি সাজঘরে ফেরেন, তখন তাঁর সংগ্রহ ৯৫ রান। মাত্র ৫টি রানের জন্য ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটি থেকে বঞ্চিত হয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এরপর শেষ মুহূর্তে গ্রায়েম সোয়ানের ৩৭ রানের ধৈর্যশীল ইনিংসটির কল্যাণে ৩১৫ রান সংগ্রহ করে প্রথম ইনিংস শেষ করে স্বাগতিকেরা।