জমে উঠেছে স্প্যানিশ লিগ

স্প্যানিশ লিগ ‘একঘেয়ে’, এ অভিযোগটা বোধ হয় এবারের মৌসুমে কেউ তুলতে চাইবেন না। দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার সঙ্গে শিরোপা জয়ের লড়াইয়ে বেশ ভালোমতোই টিকে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গতকাল বার্সা আর অ্যাটলেটিকোর মুখোমুখি লড়াইটা এবারের লা লিগাকে করে তুলেছে আরও জমজমাট। গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে এবারের লা লিগার শীর্ষ দুই দল।
প্রায় শুরু থেকেই লা লিগার শিরোপা জয়ের জন্য প্রধান লড়াইটা অ্যাটলেটিকোর বিপক্ষেই করতে হচ্ছিল বার্সেলোনাকে। গতকালের মুখোমুখি লড়াইটাকেও তাই অনেকে দেখেছিলেন এবারের লিগের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে। ধারণাটা যে ভুলও ছিল না, সেটা ম্যাচ শেষে প্রমাণও করলেন টাটা মার্টিনো আর ডিয়েগো সিমিওনের শিষ্যরা। গোলশূন্য ড্র-টা যেন এবারের লা লিগার আকর্ষণটা বাড়িয়ে দিয়েছে আরও বহুগুণে।
গতকালের ম্যাচটা বার্সেলোনা আর অ্যাটলেটিকোর মধ্যে হলেও এর ফলাফলে বোধ হয় সবচেয়ে খুশি হয়েছেন রিয়াল মাদ্রিদের সমর্থকেরা। বার্সা-অ্যাটলেটিকো পয়েন্ট ভাগাভাগি করে নেওয়ায় তাদের সঙ্গে ব্যবধান কমে গেছে রিয়ালের। ১৯ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষেই আছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো। আর ১৮ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ৪৪ পয়েন্ট। আজ এসপানিওলের বিপক্ষে জয় পেলেই ৪৭ পয়েন্ট নিয়ে বেশ খানিকটাই এগিয়ে যেতে পারবেন কার্লো আনচেলত্তির শিষ্যরা।
নিজেদের মাঠে গতকাল শুরুটা ভালোভাবে করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদই। তুরস্কের মিডফিল্ডার আরডা তুরান ও ডিয়েগো কস্তা বেশ ভালোই পরীক্ষায় ফেলেছিলেন বার্সেলোনার ডিফেন্ডারদের। তবে বার্সাও খেলায় ফিরতে খুব বেশি সময় নেয়নি। ৩৩ মিনিটের মাথায় গোলের একটা মোক্ষম সুযোগও পেয়ে গিয়েছিল সফরকারীরা। কিন্তু আন্দ্রেস ইনিয়েস্তার ক্রস থেকে করা পেদ্রোর হেডটা চলে যায় গোলপোস্টের একটু ওপর দিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সা কোচ মার্টিনো মাঠে নামান তাঁর সেরা অস্ত্র, লিওনেল মেসিকে। ৬৭ মিনিটে মাঠে নেমেছিলেন আরেক তারকা নেইমারও। কিন্তু কেউই গোল এনে দিতে পারেননি বার্সেলোনাকে। ৮১ মিনিটে মেসির একটা শট দারুণ দক্ষতায় রুখে দেন অ্যাটলেটিকোর গোলরক্ষক কোরটোইস। এ ছাড়া গতকাল প্রায় নিষ্প্রভ হয়েই ছিলেন আর্জেন্টাইন তারকা।
পুরো ম্যাচে বেশির ভাগ সময় বলের দখল নিজেদের দখলে রাখতে পারলেও অ্যাটলেটিকোর ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল জালে জড়াতে পারেননি জাভি-মেসি-ফেব্রিগাসরা।— রয়টার্স