জমে উঠেছে স্প্যানিশ লিগ
গত শনিবার লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে রায়ো ভালেকানোর বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছিল বার্সেলোনা। অক্ষুণ্ন রেখেছিল লা লিগার শীর্ষস্থানটা। গতকাল রাতে মালোর্কাকেও একই ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের লড়াইয়ে বেশ ভালোভাবেই ফেরার ইঙ্গিত দিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তবে এখনো পয়েন্ট ব্যবধানে বেশ খানিকটা পিছিয়েই আছে গতবারের শিরোপাজয়ীরা। কাতালানদের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৮। অন্যদিকে নিচের সারির ক্লাব ওসাসুনার বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে কাতালানদের স্পর্শ করে ফেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।স্প্যানিশ লিগের শিরোপা জয়ের লড়াইটা দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শেষ ১২ মৌসুমের ১০টি শিরোপাই গেছে ইউরোপের অন্যতম শীর্ষ এই দুই ক্লাবের ঘরে। কিন্তু এবারের মৌসুমে তাদের সঙ্গে শিরোপা জয়ের দৌড়ে বেশ ভালোভাবে যোগ দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও মালাগা। প্রথম ৯ ম্যাচ শেষে সমানসংখ্যক ২৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষস্থানে আছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে মালাগা। আর এবারের মৌসুমের শুরুটা ভালোভাবে করতে না পারায় ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে গতবারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ। তবে গতকাল মালোর্কার বিপক্ষে ম্যাচটিতে বেশ বড় ব্যবধানেই জয় পেয়েছে মরিনহোর শিষ্যরা। গঞ্জালো হিগুয়েইন ও রোনালদোর জোড়া গোলে মালোর্কাকে ৫-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।শিরোপা জয়ের লড়াইয়ের মতো জমে উঠেছে শীর্ষ গোলদাতা হওয়ার লড়াইটাও। মেসির জোড়া গোলের পর গতকাল মালোর্কার বিপক্ষে জোড়া গোল করে ব্যবধান কমিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১৩ গোল নিয়ে শীর্ষস্থানটা ধরে রেখেছেন মেসি। ১১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রোনালদো। আর ওসাসুনার বিপক্ষে গতকালের ম্যাচে একটি গোল করে তৃতীয় স্থানে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার রাডামেল ফ্যালকাও। তাঁর গোল সংখ্যা ১০।