জয় ছাপিয়ে লাল কার্ড বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মিনিটে বলে প্রথম পা ছুঁইয়েই গোল করলেন আলভেরো মোরাতা। ম্যাচটা ১২ মিনিটে গড়াতেই সার্জিও রামোসের গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে গেল ২-০ ব্যবধানে। ক্রিস্টিয়ানো রোনালদোকে লাগছিল ভয়ংকর, বার্নাব্যুর আরেকটি গোল-বন্যা দেখারই কথা ছিল। কিন্তু রোনালদো গোল পেলেন না, আর কোনো গোলই করতে পারল না রিয়াল। বরং ম্যাচের বাকি সময়টায় রায়ো ভায়েকানোই ‘ফেবারিট’ হিসেবে সারা মাঠ দাপিয়ে বেড়াল। কিন্তু জাল খুঁজে পেল না। রিয়াল মাঠ ছাড়ল ওই ২-০ গোলের জয় নিয়েই। ম্যাচের গতিপ্রকৃতি পাল্টে দিয়েছে এক মিনিটের এক নাটক। প্রথম হলুদ কার্ড দেখার ৪২ সেকেন্ড পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সার্জিও রামোস। ম্যাচের ১৮ মিনিটেই রিয়াল হয়ে পড়ে ১০ জনের দল। অথচ ১২ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেছিলেন এই রামোসই। ৬ মিনিট পরই তিনি নায়ক থেকে খলনায়ক। রামোস নয়, রিয়াল শিবিরের চোখে ‘খলনায়ক’ আসলে রেফারি হোসে লুইস প্যারাদাস রোমেরো!১০ জনের দল নিয়েও ম্যাচ জিতে তৃপ্ত রিয়াল। তবে ম্যাচ শেষে জয়ের তৃপ্তি ছাপিয়ে রেফারির বিরুদ্ধে ক্ষোভের আগুনটাই বেশি ছড়াল রিয়াল শিবিরে। ১৬ মিনিটে প্রথম হলুদ কার্ড পাওয়া রামোস ১৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন হ্যান্ডবল করায়। অথচ দ্বিতীয়ার্ধে একই অপরাধ করেও ভায়েকানোর স্ট্রাইকার লাস বাঙ্গুরা রেফারির দৃষ্টি এড়িয়ে গেছেন। শুধু এ ম্যাচেই নয়, রোমেরো বিতর্কের কেন্দ্রে ছিলেন গত মৌসুমেও। রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে রামোস, মেসুত ওজিলের সঙ্গে রোমেরো লাল কার্ড দেখিয়েছিলেন কোচ হোসে মরিনহোকেও।ম্যাচ শেষে তাই রেফারি রোমেরোর মুণ্ডুপাতই চলল বেশি। রিয়ালের পরিচালক এমিলিও বুত্রাগুয়েনো স্প্যানিশ টেলিভিশনকে বললেন, ‘এটা লজ্জার। তবে রেফারির সিদ্ধান্ত নিয়ে মন্তব্য না করাই সবচেয়ে ভালো। গুরুত্বপূর্ণ হলো আমরা জিতেছি।’ রামোস মনের ক্ষোভ উগরেছেন একটু ভিন্ন সুরে, ‘সার্জিও রামোসকে বের করে দেওয়াটা সহজ। এটাই উদ্বেগের।’ রামোসের দাবি লাল কার্ড পাওয়ার মতো অপরাধ তিনি করেননি, ‘আমার প্রথম হলুদ কার্ডটি ছিল পুরোপুরিই অন্যায্য।’রিয়ালের সহকারী কোচ আইতর কারাঙ্কা অবশ্য রাখঢাক রাখেননি, ‘এতে আমরা মোটেই বিস্মিত হইনি। কারণ এই রেফারিকে নিয়ে আমাদের পূর্বাভিজ্ঞতা আছে। হ্যান্ডবলের জন্য যে পরিস্থিতিতে হলুদ কার্ডটি এসেছে, তাতে প্রত্যেকেই বিভ্রান্ত।’রিয়ালে মরিনহোর শততম লিগ ম্যাচ ছিল এটি। মাইলফলকের এই ম্যাচে তিনি জাবি আলোনসোর সঙ্গে গঞ্জালো হিগুয়েইনকেও দিয়েছিলেন বিশ্রাম। করিম বেনজেমার পরিবর্তে নামিয়ে দেন রিয়াল একাডেমির স্ট্রাইকার মোরাতাকে। ২০ বছর বয়সী এই তরুণের গোলে ম্যাচের গোড়াতেই এগিয়ে যায় রিয়াল। রেফারির মুণ্ডুপাত করার পর মোরাতার তাই প্রশংসা করেছেন রিয়ালের সহকারী কোচ। যদিও রক্ষণে রামোসের শূন্যস্থান পূরণে ২৭ মিনিটে মোরাতাকে তুলে ডিফেন্ডার রাউল আলবিওলকে নামাতে বাধ্য হয় রিয়াল।তবে রাদামেল ফ্যালকাও গোল পেয়েছেন। তাঁর দল অ্যাটলেটিকো মাদ্রিদও ভ্যালাদোলিদের বিপক্ষে ৩-০ গোলে জিতে বার্সেলোনার সঙ্গে ব্যবধান নামিয়ে এনেছে ১২-তে। এএফপি, রয়টার্স।