জয় দিয়ে ফিরল কসমস

‘সবাই বলছিল, কসমস ফুটবলে ফিরবে। আমি বিশ্বাস করিনি। বলেছিলাম, নিজের চোখে দেখলে তবেই বিশ্বাস করব। আজ নিজের চোখে দেখলাম।’
আডাম চেল নামে যে ভদ্রলোক পরশু এই কথাগুলো বলছিলেন তাঁর বয়স এখন ৫৫। কৈশোরের স্মৃতিবিজড়িত নিউইয়র্ক কসমসের প্রত্যাবর্তন ম্যাচ দেখতে এসে তিনি আগেবতাড়িত। তাঁর তিন দশকের অপেক্ষা বৃথা যায়নি, প্রিয় ক্লাবকে আবার প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে দেখলেন। ফোর্ট লডারডেল স্ট্রাইকার্সের বিপক্ষে নর্থ আমেরিকান সকার লিগের ম্যাচটা কসমস জিতেছে ২-১ গোলে। স্মৃতিবিজড়িত ক্লাবের ফেরাটা চাক্ষুষ করে আবেগাক্রান্ত ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় তারকা পেলেও। টুইটারে ফুটবলসম্রাট নিজের সেই আবেগ ছড়িয়ে দিলেন ভক্তদের মধ্যেও, ‘আমি গর্বিত কসমসের প্রত্যাবর্তনে। এই ক্লাব আমাকে ও আমার পরিবারকে উপহার দিয়েছে অনেক মধুর স্মৃতি।’
পেলে-বেকেনবাওয়ারদের রেখে যাওয়া সোনালি অতীত হয়তো আর ফিরবে না। কিন্তু কয়েক বছরের মধ্যে কসমস মার্কিন ফুটবলের অন্যতম বড় শক্তি হয়ে উঠবে বলে বিশ্বাস ক্লাবের সাবেক ব্রাজিলিয়ান তারকা কার্লোস আলবার্তোর, ‘আমি বলছি না কসমস আবার আগের মতো দল হবে, কারণ পেলের মতো খেলোয়াড় বারবার আসে না। তবে আমার বিশ্বাস, দুই বছরের মধ্যেই কসমস অসাধারণ একটি দল হয়ে উঠবে।’ ওয়েবসাইট।