জয় দিয়ে শিরোপা উদযাপন বার্সেলোনার

স্প্যানিশ লিগের এবারের শিরোপাটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বার্সেলোনার। গতকাল অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি ছিল সেই শিরোপা জয় উদযাপনের মঞ্চ। বেশ ঘাম ঝরিয়ে হলেও জয় দিয়েই নিজেদের ২২তম লা লিগা শিরোপা জয় উদযাপন করেছে কাতালানরা। অ্যাটলেটিকোর মিডফিল্ডার গাবির আত্মঘাতী গোলের সুবাদে ২-১-এ জয় পেয়েছে বার্সা। ম্যাচের অপর দুটি গোল এসেছে বার্সেলোনার অ্যালেক্সিস সানচেজ ও অ্যাটলেটিকো মাদ্রিদের রামদেও ফ্যালকাওয়ের পা থেকে।গতকাল অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে প্রথমার্থটা কেটেছিল গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ফ্যালকাওয়ের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। ৭২ মিনিটে এই গোল শোধ করে খেলায় সমতা ফেরান বার্সেলোনার তরুণ স্ট্রাইকার আলেক্সিস সানচেজ। ৮০ মিনিটে বার্সেলোনাকে জয়সূচক গোলটি উপহার দেন অ্যাটলেটিকোর মিডফিল্ডার গাবি। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।স্প্যানিশ লিগের আরও তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা জয়ের স্বাদ পেয়ে গেল বার্সেলোনা। ৩৫ ম্যাচ শেষে বার্সার ঝুলিতে আছে ৯১ পয়েন্ট। গত আসরে এক মৌসুমে সর্বোচ্চ ১০০ পয়েন্ট সংগ্রহের রেকর্ড গড়েছিল রিয়াল মাদ্রিদ। এবার বার্সেলোনার সামনে আছে সেই রেকর্ড ছুঁয়ে ফেলার হাতছানি। লিগের বাকি তিনটি ম্যাচ জিততে পারলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের এ রেকর্ডটি স্পর্শ করতে পারবেন টিটো ভিলানোভার শিষ্যরা।— রয়টার্স