জয় দিয়ে শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের
দুশ্চিন্তা ছিল ওয়েইন রুনিকে নিয়ে, নিউ ক্যাসলের বিপক্ষে দলের সেরা এই অস্ত্র খেলতে পারেন কি না! শেষ পর্যন্ত রুনি খেলেছেন, তবে আরেকটি গোলহীন ম্যাচ কাটিয়েছেন। তাতে কী! রুনি গোল না পেলেও সমস্যা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যানইউ)। গতকাল সোমবার নিউ ক্যাসলকে ৩-০ গোলে হেসে-খেলে উড়িয়ে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল।ওল্ড ট্র্যাফোর্ডে ছয় গজ দূর থেকে গোল করে ম্যানইউকে এগিয়ে দিয়েছিলেন দিমিত্রি বারবাতোভ। দ্বিতীয়ার্ধে অল্পের জন্য আরেকটি গোল করতে পারেননি বুলগেরিয়ার এই ফুটবলার। ম্যানইউর গোল ব্যবধান দ্বিগুণ করেন ড্যারেন ফ্লেচার। নিউ ক্যাসলকে ডুবিয়ে ম্যাচের শেষের দিকে ম্যানইউর হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন রায়ান গিগস।অসাধারণ এই জয়ের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের হতাশা বলতে ওয়েইন রুনি। গতকালও গোল পাননি এই ফুটবলার। এ নিয়ে ক্লাব ও দেশের হয়ে টানা ১৩ ম্যাচে গোলহীন থাকলেন রুনি।—রয়টার্স