জয় ধরাই দিচ্ছে না ব্রাজিলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের কোচের দায়িত্ব নেওয়ার পর আরও একবার জয়ের দেখা পেলেন না ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের কোচ লুইস ফিলিপ স্কলারি। গতকাল রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলকে। প্রথমে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর শেষমুহূর্তে ব্রাজিলের পক্ষে সমতাসূচক গোলটি করেন ফ্রেড।এই প্রীতি ম্যাচের প্রথমার্ধটা শেষ হয়েছিল গোলশূন্য সমতা নিয়ে। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ব্রাজিলের জালে বল জড়িয়ে রাশিয়াকে এগিয়ে দেন ভিক্টর ফাইজুলিন। সেসময় অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন যে, ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হবে ব্রাজিলকে। কিন্তু খেলার একেবারে শেষ পর্যায়ে দলকে রক্ষা করেন ফ্রেড। এই গোলের সুবাদে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হন স্কলারির শিষ্যরা।২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপা জেতানোর পর গত বছরের নভেম্বরে দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের কোচের দায়িত্ব গ্রহণ করেছেন লুইস ফিলিপ স্কলারি। তারপর ব্রাজিল খেলেছে তিনটি ম্যাচ। এর মধ্যে প্রথম ম্যাচটি ছিল গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে হারের মুখ দেখেছে ব্রাজিল। এরপর টানা দুটি ম্যাচেই ড্র করেছে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। গত বৃহস্পতিবার ইতালির সঙ্গে ২-২ গোলে ও সর্বশেষ গতকাল ব্রাজিলের বিপক্ষে।— রয়টার্স