ইংলিশ প্রিমিয়ার লিগে জয় নিয়ে মাঠ ছেড়েছে সব বড় দলই। ব্ল্যাকবার্নকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। আর্সেনাল ১-০ গোলে ওয়েস্ট হ্যামকে আর ম্যানইউ ২-০ গোলে হারিয়েছে টোটেনহামকে। অঘটনের শিকার হয়েছে শুধু তেভেজবিহীন ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের নিচের সারির দল উলভসের কাছে ২-১ গোলে হেরে গেছে তারা। ব্ল্যাকবার্নের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে চেলসিকে। বেনজানি মারউয়ারির গোলে প্রথমেই এগিয়ে গিয়েছিল ব্ল্যাকবার্ন রোভার্স। ৩৯ মিনিটে খেলায় সমতা ফেরান চেলসি স্ট্রাইকার নিকোলাস আনেলকা। দ্বিতীয়ার্ধে বারবার আক্রমণ শানালেও গোল পেতে চেলসিকে অপেক্ষা করতে হয়েছে ৮৪ মিনিটে পর্যন্ত। ইউরি জিরকভের ক্রস থেকে হেড করে চেলসিকে জয়সূচক স্বস্তির গোলটি এনে দেন সার্বিয়ার ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচ।চেলসির মতোই কষ্টসাধ্য জয় পেয়েছে আর্সেনালও। বেশ কিছু ভালো সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি গানাররা। ওয়েস্ট হ্যাম গোলরক্ষক রবার্ট গ্রিনও দুর্দান্তভাবে রুখে দিয়েছেন বেশ কিছু নিশ্চিত গোলের সুযোগ। শেষপর্যন্ত ৮৪ মিনিটে আর্সেনাল সমর্থকদের মনে স্বস্তি এনে দেন অ্যালেক্স সং। গেইল ক্লিচের ক্রস থেকে জয়সূচক গোলটি করেন ক্যামেরুনের এই মিডফিল্ডার।অন্যদিকে টোটেনহামের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩১ মিনিটে ম্যান ইউকে প্রথম গোলটি এনে দেন ডিফেন্ডার নেমাঞ্জা ভিদিক। ৮৪ মিনিটে বিতর্কিত এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ স্ট্রাইকার নানি। প্রিমিয়ার লিগের অপর খেলায় অপ্রত্যাশিতভাবে নিচের সারির দল উলভসের কাছে ২-১ গোলে হেরে গেছে শিরোপাপ্রত্যাশী ম্যানচেস্টার সিটি।—সকারনেট