জয়ই লক্ষ্য হাথুরুসিংহের

দুই দলের সর্বশেষ সাত ম্যাচের সাতটিতেই জিতেছে বাংলাদেশ দল। আজ তাই বাংলাদেশই ফেবারিট।
কিন্তু সেই সাত ম্যাচের কোনোটাই যে নিউজিল্যান্ডের মাঠে নয়! সবই বাংলাদেশে। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের কোনো জয় নেই। হ্যামিল্টনে ফেবারিট আসলে নিউজিল্যান্ডই।
এই লেখা যখন পড়ছেন ততক্ষণে হয়তো খেলা শুরু হয়ে গেছে। ম্যাচ শুরুর আগ পর্যন্ত দুটি কথাই ঠিক ছিল। কাগজ-কলমের শক্তিমত্তার পার্থক্যকে একপাশে সরিয়ে রেখেই এই ম্যাচকে মনে হচ্ছিল সমানে সমান লড়াই। কাল চন্ডিকা হাথুরুসিংহের কথায়ও খুঁজে পাওয়া যাচ্ছিল প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। সেডন পার্কের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, ‘প্রতিপক্ষ কোনো ব্যাপার নয়, যেকোনো ম্যাচেই আমরা জিততে চাই। জানি না এর আগে বাংলাদেশ এখানে কটি ম্যাচ খেলেছে। ইতিহাস আমি জানি না। আমি শুধু তাকিয়ে এই ম্যাচের দিকে।’
আট মাস হলো বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন। এর পর থেকে হাথুরুসিংহের মাথায় শুধুই বিশ্বকাপ। দলসংক্রান্ত যেকোনো আলোচনাতেই শেষ পর্যন্ত বিশ্বকাপে গিয়ে থামেন—বিশ্বকাপে ভালো করতে হবে। বাংলাদেশ দল যখন প্রথম ম্যাচ থেকেই ভালো করা শুরু করল, গ্রুপের এক ম্যাচ বাকি থাকতে নিশ্চিত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালও, কোচ তো কিছুটা ভয়-ডরহীন হয়ে উঠবেনই। হাথুরুসিংহে অবশ্য ‘ভয়-ডরহীন’ ভাবটা দেখতে পাচ্ছেন পুরো দলের মধ্যেই। বিশ্বকাপে বাংলাদেশের গর্জে ওঠার রহস্যও নাকি এটাই, ‘ব্যর্থ হতে হবে, এই ভয়টাই নেই দলের মধ্যে। এটাই আসল। নিজেদের ওপর আস্থা এবং যেকোনো কিছু করার স্বাধীনতাই ওদের এগিয়ে দিয়েছে। শুধু ইংল্যান্ড ম্যাচে নয়, স্কটল্যান্ড ৩০০ করে ফেলার পরও আমরা নিজেদের ওপর আস্থা হারাইনি।’
ক্রিকেটারদের চিন্তাভাবনার জায়গাটাতে শ্রীলঙ্কান এই কোচ ভালোই পরিবর্তন আনতে পেরেছেন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের উইকেটে খেলার কথাই ধরুন। ঢাকায় বিশ্বকাপের প্রস্তুতির সময় একটা নেটে গ্রানাইটের স্ল্যাব বিছিয়ে দিয়েছিলেন কোচ। বল সেই স্ল্যাবে পড়ে বাড়তি বাউন্স আর গতি পাবে। আর তাতে ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উইকেটে ব্যাটিংয়ের অভ্যাস কিছুটা হলেও রপ্ত করতে পারবেন, এই ছিল চিন্তা। বিশ্বকাপের একেকটা ম্যাচ যাচ্ছে আর খেলোয়াড়েরাও বিস্মিত হচ্ছেন—কী দারুণ কাজে লেগে যাচ্ছে কোচের সেই চিন্তাটা! আবহাওয়ার ভিন্নতা থাকলেও বিশ্বকাপের উইকেট যে এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাটসম্যানদের অনভ্যস্ততার সমস্যায় ফেলতে পারেনি, সেটা সব ম্যাচেই পরিষ্কার।
বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল কোয়ার্টার ফাইনালে যাওয়া। ওই লক্ষ্য পূরণ হওয়ার পর দৃষ্টিটা আরও দূরে যাওয়াই স্বাভাবিক। কোচের কথায়ও আছে সে আভাস, ‘আমরা এখন নিউজিল্যান্ড ম্যাচের প্রতিই মনোযোগী। এরপর পুরো মনোযোগ দেব কোয়ার্টার ফাইনালে। তবে আমি বিশ্বাস করি, আমাদের পক্ষে এমন কিছু করা সম্ভব, যেটা আমরা আগে কখনো করিনি।’
কোচের পূর্বাভাস খেটে গেলে খুবই ভালো। না খাটলেও ক্ষতি নেই। বিশ্বকাপ থেকে লক্ষ্যপূরণের তৃপ্তি নিয়েই ফিরবে বাংলাদেশ দল! হাথুরুসিংহেও মনে করিয়ে দিলেন, ‘এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠাটা বাংলাদেশ দলের জন্য বিরাট অর্জন। দুই স্বাগতিক দলেরই মুখোমুখি হতে হয়েছে এই গ্রুপে। আমাদের জন্য কোয়ার্টার ফাইনালে ওঠাটা তাই কঠিন ছিল। কিন্তু বিশ্বাস ছিল আমরা পারব।’
ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও জিতলে আরও মজবুত হবে সেই বিশ্বাস। যদিও কাজটা কঠিন। গ্রুপ পর্বের প্রথম ৫ ম্যাচেই জিতে কিউইদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। বাংলাদেশ কোচও স্বীকার করে নিলেন, ‘বিশ্বকাপে ভালো খেলা দলগুলোর মধ্যে একটা তারা। শ্রীলঙ্কা, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়েছে সহজেই। তার ওপর দলটা খেলছে নিজেদের মাটিতে। তাদের বিপক্ষে লড়াইটা আমাদের জন্য সহজ হবে না।’
তা এত ভালো ফর্মে থাকা একটা দলের বিপক্ষে জয়ের কথা আগ বাড়িয়ে তিনি না-ই বলতে পারেন। কিন্তু এটা তো বলবেন, এই ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়েরা কী কী কাজ না করলে তিনি খুশি হবেন! সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠতেই হাথুরুসিংহ আবার নির্ভীক, ‘কী করা যাবে না, সেটা নিয়ে আমরা কথা বলি না। কী করা প্রয়োজন, আমরা শুধু সেটাই বলি।’ তথ্যসূত্র: আইসিসি।