জয়ে আর্সেনাল-অভিষেক ওজিলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেনালের জার্সি গায়ে অভিষেক ম্যাচে জিতে নিয়েছেন ওজিল
আর্সেনালের জার্সি গায়ে অভিষেক ম্যাচে জিতে নিয়েছেন ওজিল

রিয়াল মাদ্রিদ কেন মেসুত ওজিলকে বিক্রি করে দিল, এই আলোচনায় মুখর স্প্যানিশ মিডিয়া। সেখানে চলছে নানাজনের নানা কথা। সেসব কথায় কান না দিয়ে ওজিল অবশ্য নিজের কাজটাই করে চলেছেন দারুণভাবে। আজ আর্সেনালের জার্সি গায়ে অভিষেক ম্যাচেই জিতে নিয়েছেন সমর্থকদের মন। নিজে গোল না পেলেও আর্সেনালের প্রথম গোলটি এসেছে তাঁরই সহায়তায়। বলটা জলে পাঠিয়েছেন অলিভিয়ের জিরু। দ্বিতীয়ার্ধে অ্যারন রামসের জোড়া গোলে সান্ডারল্যান্ডের বিপক্ষে গানাররা পেয়েছে ৩-১ গোলের সহজ জয়।
দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। যদিও ক্রিস্টাল প্যালেসের মতো দুর্বল দলের বিপক্ষে ২-০ গোলের জয়টি পেতেও বেশ ভালোই ঘাম ঝরাতে হয়েছে ডেভিড ময়েসের শিষ্যদের। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি বক্সে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেছিলেন প্যালেসের মিডফিল্ডার কাগিশো ডিকগাচো। পেনাল্টি থেকে ইউনাইটেডের প্রথম গোলটি করেছেন রবিন ফন পার্সি। দ্বিতীয়ার্ধের পুরোটাই ১০ জন নিয়ে খেললেও ইউনাইটেডকে স্বস্তিতে থাকতে দেয়নি প্যালেস। সেই স্বস্তিটা ইউনাইটেড পেয়েছে ৮১ মিনিটে ফ্রি-কিক থেকে রুনি দারুণ এক গোল করলে।
ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনাল জয় পেলেও স্টোক সিটির বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। অপর খেলায় নরউইচ সিটির বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে টটেনহাম। এভারটন-চেলসি ম্যাচটি মাত্রই শুরু হয়েছে এই প্রতিবেদন লেখার সময়।
ওদিকে ইতালিয়ান লিগে আজ আছে বড় ম্যাচ। মুখোমুখি হয়েছে ইন্টার মিলান ও জুভেন্টাস। আজ রাতে স্প্যানিশ লিগে মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদও। বার্সা-সেভিয়া ম্যাচটি শুরু হবে রাত ১২টায়। এরপর ভিয়ারিয়াল-রিয়াল ম্যাচটি। দুটো খেলাই দেখাবে ইএসপিএন।