
ঢাকায় হচ্ছে আন্তর্জাতিক মহিলা কাবাডি টুর্নামেন্ট। অথচ এখানে খেলছে বাংলাদেশের একমাত্র দল বিজেএমসি! আনসারকে আমন্ত্রণ জানানো হলেও দলটি আগ্রহ দেখায়নি। অন্য দলগুলোকে আমন্ত্রণ জানায়নি ফেডারেশন কর্মকর্তারা। কারণ দেখানো হয়েছে, দুর্বল দলের অংশগ্রহণে ফল খারাপ হলে দেশেরই সুনাম নষ্ট হবে। তবে প্রথম দিনে শুভ সূচনাই করেছে বিজেএমসি।
পল্টন কাবাডি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ভারতের আসাম মহিলা কাবাডি দলকে ২৬-১৭ পয়েন্টে হারিয়েছে। দারুণ দর্শক সমর্থন পেয়ে পুরো ম্যাচেই দাপটের সঙ্গে খেলেছে ক্লাবটি। ফাতেমা, রিমা, বেবিরা যখনই হানা দিয়েছেন প্রতিপক্ষের সীমানায়, গ্যালারি ফেটে পড়েছে করতালিতে। মাত্র ১৫ দিনের অনুশীলন। এর পরও প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করে উচ্ছ্বসিত দলের অধিনায়ক শিলা। ‘অল্প অনুশীলনের পরও জিতে শুরু করতে পেরেছি বলে খুশি। আশা করি আমরা ফাইনালে খেলব।’
দিনের অন্য ম্যাচে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যদল ৩৭-৩৩ পয়েন্টে জিতেছে অন্ধ্র প্রদেশের বিপক্ষে।