জয়েই শেষ পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৬ বলে অপরাজিত ৪৬ রান—এই ইনিংসটাই ম্যাচসেরার পুরস্কার এনে দিয়েছে উমল আকমলকে। ছবি: ক্রিকইনফো
৩৬ বলে অপরাজিত ৪৬ রান—এই ইনিংসটাই ম্যাচসেরার পুরস্কার এনে দিয়েছে উমল আকমলকে। ছবি: ক্রিকইনফো

ক্যারিবীয় সফরের শুরুটা হয়েছিল জয় দিয়ে। সফরের শেষ ম্যাচেও জয় পেল পাকিস্তান। গত রাতে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১১ রানে হারিয়েছে সফরকারীরা। ৩-১-এ ওয়ানডে সিরিজ জেতা পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ জিতল ২-০ ব্যবধানে।
পাকিস্তানের ভিত্তিটা অবশ্য মজবুত ছিল না। ৭ উইকেটে ১৩৫ রানকে টি-টোয়েন্টির বিচারে মামুলি বলাই ভালো। তবে এ রানের পেছনে ছুটতে গিয়েই হোঁচট খেল ওয়েস্ট ইন্ডিজ। টেনেটুনে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১২৪ রান।
প্রথমে ব্যাট করা পাকিস্তানের ইনিংসের কারিগর ছিলেন আহমেদ শেহজাদ ও উমর আকমল। বাকি সবাই ছিলেন চরমভাবে ব্যর্থ। উদ্বোধনী ব্যাটসম্যান শেহজাদ করেন ৪৪ রান। এক প্রান্ত আগলে রেখে ৩৬ বলে ৪৬ রান নিয়ে অপরাজিত থাকেন আকমল। দলীয় তৃতীয় সর্বোচ্চ ১১* রান আসে গত ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া জুলফিকার বাবরের ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সুনীল নারাইন তিনটি ও স্যামুয়েল বাদ্রি দুটি উইকেট নেন।

১৩৬ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ম্যাচটা ‘কঠিন’ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ১৭ রানের মধ্যে সাজঘরে ফেরেন শীর্ষ চার ব্যাটসম্যান। এরপর কিছুটা লড়াইয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইন ও কাইরন পোলার্ড। তবে তাতে শেষরক্ষা হয়নি। দলীয় সর্বোচ্চ ৩৫ রান করেন ব্রাভো। নারাইন ও পোলার্ডের সংগ্রহ যথাক্রমে ২৮ ও ২৩ রান। টিনো বেস্ট ৯ বলে ১৭ রান নিয়ে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে সোহেল তানভীর, জুলফিকার বাবর ও সাঈদ আজমল প্রত্যেকে দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হন উমর আকমল। সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জুলফিকার বাবর। সূত্র: ক্রিকইনফো।