জয়ের অপেক্ষায় ৩২ বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ১৭ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হলো প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকবে। আজ থাকছে ‘১৭’ সংখ্যাটি নিয়ে—

১৯৯৪ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো জয় পেয়েছিল বুলগেরিয়া
১৯৯৪ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো জয় পেয়েছিল বুলগেরিয়া

বিশ্বকাপের আসরে একটা জয়ের জন্য বুলগেরিয়াকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ৩২ বছর। টানা ১৭টি ম্যাচ জয়বঞ্চিত থাকার পর প্রথম জয়ের মুখ দেখেছিল বুলগেরিয়া। বিশ্বকাপে প্রথম জয় দেখার আগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড যেমন এটি, তেমনি টানা সর্বাধিক  ম্যাচে জয়হীন থাকার রেকর্ডও।

১৯৬২ সালে বুলগেরিয়া প্রথমবারের মতো পা রেখেছিল বিশ্বকাপের আসরে। প্রথম ম্যাচটায় ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনার বিপক্ষে। এরপর ১৯৬৬, ১৯৭০, ১৯৭৪—টানা তিনটি বিশ্বকাপেই বুলগেরিয়া ছিল জয়বঞ্চিত। ১৯৮৬ সালের বিশ্বকাপেও পায়নি জয়ের স্বাদ। তবে গ্রুপ পর্বে দুটি ম্যাচ ড্র করে চলে গিয়েছিল নকআউট পর্বে।

বিশ্বকাপে কাঙ্ক্ষিত জয়ের জন্য বুলগেরিয়াকে অপেক্ষা করতে হয়েছিল ১৯৯৪ সাল পর্যন্ত। সেবারের আসরের শুরুটা হার দিয়ে হলেও গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেই তারা গ্রিসকে হারিয়েছিল ৪-০ গোলে। এই জয়টা বুলগেরিয়ার ফুটবলারদের এতটাই অনুপ্রাণিত করেছিল, সেবার সবাইকে রীতিমতো চমকে দিয়েছিল পূর্ব ইউরোপের দেশটি। গ্রুপ পর্বে হারিয়েছিল আর্জেন্টিনাকে। নকআউট পর্বে প্রথমে মেক্সিকো ও পরে জার্মানিকে হারিয়ে চলে গিয়েছিল সেমিফাইনাল পর্যন্ত।

১৯৯৮ সালের বিশ্বকাপে অবশ্য আবারও সেই পুরোনো রূপেই দেখা গিয়েছিল বুলগেরিয়াকে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলে হেরেছিল দুটিতে। ড্র করেছিল একটি ম্যাচে।

১৯৯৮ সালের পর আর বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পায়নি বুলগেরিয়া। সাতটি বিশ্বকাপে মোট ২৬টি ম্যাচ খেলে হারের মুখ দেখেছে ১৫টিতে। ড্র করেছে আটটি ম্যাচে। জয় পেয়েছে তিনটিতে। আর এই তিন জয়ের সবগুলোই ১৯৯৪ বিশ্বকাপে।