জয়ের ধারাবাহিকতা চান স্ট্রাউস
জয় আসবে অনেকটা নিশ্চিতই ছিল। তাই বলে ব্যবধানটা এত বড় হবে, তা ইংল্যান্ডের ক্রিকেটারদের কেউ কল্পনা করেছিলেন কি না সন্দেহ রয়েছে। জেমস অ্যান্ডারসনের বিধ্বংসী বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৮০ রানে অলআউট! ইংল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জয় পাওয়ার পর এর ধারাবাহিকতা বজায় রাখার প্রতি জোর দিয়েছেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্ট্রাউস বলেন, ‘আমাদের বোলিং অসাধারণ হয়েছে। দারুণ করেছে ফিল্ডাররাও। ফলে জয়টাও বড় ব্যবধানে এসেছে। কিন্তু আমাদের আরও সচেতন হতে হবে, জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’ জয়টা কঠিন ছিল স্বীকার করে স্ট্রাউস বলছেন, ‘এত সহজে জয়টা আসেনি। ম্যাচের বিভিন্ন সময় আমাদের নানা বাধার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু সব বাধা অতিক্রম করে বড় ব্যবধানে জয় এসেছে, এটাই বড় বিষয়।’ অভাবনীয় জয়ের পেছনে পাকিস্তানের ব্যাটিং দুর্বলতা না কি ইংল্যান্ডের নজরকাড়া বোলিং কোনটি বেশি কাজ করেছে—এ নিয়ে বিতর্ক হতে পারে। তবে স্ট্রাউস বলছেন, ‘পাকিস্তান খুব বাজে ব্যাটিং করেছে। কিন্তু আমি আমার ব্যাটিং নিয়েই কথা বলব। বিশ্বে জিমির (অ্যান্ডারসন) চেয়ে ভালো বোলার এ মুহূর্তে নেই। স্টুয়ার্ট ব্রড ও স্টিফেন ফিন তাকে খুব ভালো সহায়তা করেছে।’—ক্রিকইনফো