জরিপেও এগিয়ে আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে কে হবেন পাকিস্তানের অধিনায়ক? এই প্রশ্নটা এখন শুধুই আর পাকিস্তানিদের নয়, প্রশ্নটা এখন ক্রিকেট-বিশ্বের। আফ্রিদি না মিসবাহ-উল হক—এই দ্বিধায় জড়িয়েই বিশ্বকাপের অধিনায়ক ঘোষণায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিলম্ব। অবশেষে সম্ভাব্য একটা তারিখ জানা গেল। পিসিবি অধিনায়ক ঘোষণা করতে পারে ৪ ফেব্রুয়ারি। ছয় ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটির আগের দিন।সেই কবেই নিউজিল্যান্ড উড়ে গেছেন পিসিবির সভাপতি ইজাজ বাট। নেপিয়ারে চতুর্থ ওয়ানডের আগের দিন কাল পিসিবির সভাপতি পরিষ্কার জানিয়ে দিলেন, ‘সিদ্ধান্ত হয়েছে, আমরা অধিনায়ক ঘোষণা করব ৪ ফেব্রুয়ারি।’ সঙ্গে এই ইঙ্গিতও মিলেছে, শেষ পর্যন্ত অধিনায়ক থাকছেন আফ্রিদিই! দুঃসময় পেছনে ফেলে রানে ফিরতে শুরু করেছেন আফ্রিদি। ক্রাইস্টচার্চে ২৫ বলে ৬৫ রান করে প্রতিদ্বন্দ্বী মিসবাহকে বেশ পেছনে ফেলেছেন তিনি। টিম ম্যানেজমেন্টও এই মুহূর্তে অধিনায়ক পরিবর্তনে আগ্রহী নয়। তারা বোর্ড সভাপতিকে বুঝিয়েছে, আফ্রিদিই বিশ্বকাপের অধিনায়ক হিসেবে সেরা পছন্দ।এসব ইতিবাচক দিক তো আছেই, বিশ্বকাপের অধিনায়ক প্রশ্নে আফ্রিদিকে এগিয়ে দিল পাকিস্তানের শীর্ষ মিডিয়া গ্রুপ এক্সপ্রেসের চালানো এক জরিপও। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে কাকে দেখতে চান, আফ্রিদি, নাকি মিসবাহ—এই প্রশ্নে জরিপে অংশ নেওয়া ৯৪ শতাংশ পাকিস্তানিই আফ্রিদিকে অধিনায়ক চান! দায়িত্ব পেয়েই পাকিস্তানকে চার বছর পর টেস্ট সিরিজ জেতানো মিসবাহর বাক্সে ভোট মাত্র ৬ শতাংশ!জরিপের এই ফল দেখে সঙ্গে সঙ্গে বিবৃতি দিয়েছেন সাবেক অধিনায়ক মঈন খান। বলেছেন, ‘এই ফলাফল দেখাচ্ছে, অধিকাংশই চান বিশ্বকাপে বৈচিত্র্যপূর্ণ অলরাউন্ডারই অধিনায়ক থাক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এখন এই বার্তার মর্মার্থ পরিষ্কার বোঝা উচিত।’ অনেক দিন ধরেই পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। কিন্তু ব্যাট হাতে আফ্রিদির কাটছিল দুঃসময়। তাঁর অধিনায়কত্বও অনেক সাবেকের পছন্দ নয়। আফ্রিদির বিপক্ষে সবচেয়ে বড় অভিযোগ, ড্রেসিংরুমে তিনি জনপ্রিয় নন। ম্যাচ হারলেই সতীর্থদের কড়া সমালোচনা করে মিডিয়ায় বিবৃতি দেওয়া আফ্রিদির স্বভাব। ফলে সতীর্থরা তাঁর ওপর অসন্তুষ্ট। সূত্রটি আরও জানিয়েছে, বাট আফ্রিদিকে আচরণ উন্নত করা এবং সতীর্থদের সম্পর্কে মিডিয়ায় অপ্রয়োজনীয় বিবৃতি দেওয়ার অভ্যাস বন্ধ করার পরামর্শ দিয়েছেন। সতীর্থদের দুঃখটা বুঝতে পেরে আফ্রিদিও নিজেকে নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়েবসাইট।