জরিমানা না শুধে বিপাকে এমিলি-মিঠুন
ঘরোয়া ফুটবলে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ তিন ফুটবলারকে আর্থিক জরিমানা করা হয়েছিল। সেই জরিমানার টাকা তাঁরা দেননি। তাই ওই খেলোয়াড়দের ক্ষমার আবেদনও গ্রহণ করেনি বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমে আগামীকাল থেকে মাঠে নামছে বড় দলগুলো। গতকাল জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী ও জাহিদ হোসেনের ক্ষমার আবেদন নিয়ে আলোচনায় বসে ব্যবস্থাপনা কমিটি। কিন্তু খেলোয়াড়েরা চিঠিতে জরিমানার বিষয়ে কিছুই না লেখায় তাঁদের ভাগ্য ঝুলেই থাকল।উল্লেখ্য, গত ২০ জুলাই জাতীয় দলের লেবানন সফরের আগের দিন সবার অলক্ষে মানিকগঞ্জে খেপ খেলতে যান এমিলি-মিঠুন। দুজনকেই ঘরোয়া ফুটবলে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করার সঙ্গে দুই লাখ টাকা জরিমানাও করে ব্যবস্থাপনা কমিটি। জরিমানার টাকা অনাদায়ে আরও দুই ম্যাচ নিষিদ্ধ।জাহিদের শাস্তি দুই ম্যাচের নিষেধাজ্ঞা এবং এক লাখ টাকা জরিমানা। জরিমানার টাকা অনাদায়ে আরও এক ম্যাচ নিষিদ্ধ। তাঁর অপরাধ, লেবাননের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের হোম ম্যাচে কোচ তাঁকে তুলে নিলে মাঠের বাইরে এসে পানির বোতলে লাথি মেরে ক্ষোভ প্রকাশ করেন।যদিও জাতীয় দল সম্পৃক্ত অপরাধে ঘরোয়া ফুটবলে কেন নিষিদ্ধ, প্রশ্নটি উঠেছিল। কিন্তু সদুত্তর পাওয়া যায়নি। ঘটনার ক্রমবিকাশে তিনজনকেই জাতীয় দলে ব্রাত্য ঘোষণা করেন কোচ নিকোলা ইলিয়েভস্কি। এমিলি-মিঠুনকে অবশ্য সাফ দলে শেষ মুহূর্তে নেওয়া হয় স্ট্রাইকার-সংকট থাকায়।এখন ঘরোয়া ফুটবল দরজায় কড়া নাড়ছে বলে বিষয়টি আবার আলোচনায়। এমিলি-মিঠুনের দল মুক্তিযোদ্ধার প্রথম ম্যাচ কাল। জাহিদের দল আবাহনী নামবে ৪ জানুয়ারি। এই অবস্থায় তিন খেলোয়াড় অন্তত প্রথম এক-দুটি ম্যাচ খেলতে পারছেন না, এটা নিশ্চিত। আর এতে ভোগান্তি হচ্ছে ক্লাবের।সাফ ব্যর্থতার ময়নাতদন্ত করতে বসেছিল কাল ব্যবস্থাপনা কমিটি। কিন্তু সভাটি মুলতবি হয়ে গেলেও একটি ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত। তিন ফুটবলারকে জরিমানার টাকাই দিতে হবে। টাকা দিলে তাঁদের আবেদন ফেডারেশন সভাপতির কাছে যেতে পারে। নইলে ব্যবস্থাপনা কমিটি শাস্তি প্রত্যাহার বা কমানোর কোনো উদ্যোগই নেবে না।ব্যবস্থাপনা কমিটির সদস্য হাসানুজ্জামান বাবলুর ক্ষোভ, ‘ওদের জরিমানার টাকা দেওয়ার সময় নভেম্বরে শেষ হয়েছে। টাকা তো দেয়ইনি, চিঠিতে টাকার ব্যাপারটা উল্লেখও করেনি ওরা। জাহিদ চিঠি দিয়েছে মাত্র তিন-চার দিন আগে। এই অবস্থায় ওদের ক্ষমার আবেদন গ্রহণ করার কোনো সুযোগই নেই।’তবে আর্থিক দণ্ড মওকুফের চেষ্টা করবেন বলে জানালেন এমিলি, ‘একটা চেষ্টা আমরা করব, যাতে টাকাটা মওকুফ করানো যায়। একান্তই না হলে জরিমানার টাকা তো দিতেই হবে। সাফের ক্যাম্পে থাকায় সময়মতো দেওয়া হয়নি।’ মিঠুন চৌধুরী বলছেন, ‘সাফের ক্যাম্পে ছিলাম। তাই টাকাটা দেব দেব করে দেওয়া হয়নি।’