জরুরি ছিল জয়টা: মেসি
ভেনেজুয়েলার বিপক্ষে আকস্মিকভাবে ১-০ গোলের হারের পর বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষেও হোঁচট খেয়েছিল আর্জেন্টিনা। ড্র করেছিল ১-১ গোলে। ফলে লাতিন অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে গিয়ে দুবারের বিশ্বকাপজয়ীরা। মেসিদের পারফরমেন্স নিয়ে শুরু হয়েছিল কড়া সমালোচনা। তবে গতকাল কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। উঠে এসেছে পয়েন্ট তালিকায় উরুগুয়ের সঙ্গে যৌথভাবে প্রথম স্থানে। সব দিক থেকেই জয়টা যে খুবই জরুরি ছিল, সেটা সরাসরিই স্বীকার করেছেন লিওনেল মেসি। ভবিষ্যতেও এভাবেই খেলে যাওয়ার প্রতি সতীর্থদের আহ্বান জানিয়েছেন ফিফার বর্ষসেরা ফুটবলার।গতকাল ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘এ জয়টা যে খুবই জরুরি ছিল, এটা খুবই সত্যি। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটার পর আমাদের সক্ষমতা নিয়ে অনেক সংশয় তৈরি হয়েছিল। তবে এবার আমরা অনেক ভালো খেলেছি। ম্যাচে বেশির ভাগ সময় বল আমাদের দখলে ছিল। আর আমরা তাদেরকে পাল্টা আক্রমণেরও খুব বেশি সুযোগ দেইনি।’ প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে মেসি ও অ্যাগুয়েরোর গোলে ২-১ গোলের জয় পায় আর্জেন্টিনা। সতীর্থদের এ রকম লড়াকু মানসিকতা নিয়েই আগামী ম্যাচগুলোতে মাঠে নামার আহ্বান জানিয়েছেন মেসি। তিনি বলেছেন, ‘প্রতিটা ম্যাচেই আমাদের এভাবে খেলতে হবে। কখনো কখনো আমরা দৃষ্টিনন্দন ফুটবল খেলতে পারব না। কিন্তু প্রতি ম্যাচের পরিস্থিতির সঙ্গেই ভালোভাবে মানিয়ে নিতে হবে। আমরা জানতাম যে এ জয়টা খুবই জরুরি।’ ইএসপিএন।