জর্জেভিচ জয়ের কান্না
পুরো ৯০ মিনিট ডাগ আউটে দাঁড়িয়ে রইলেন জোরান জর্জেভিচ। কখনো উত্তেজিত, কখনো পানির বোতল ছুড়ে মারছেন, কখনো আবার জয়ের উল্লাসে মাতোয়ারা। ম্যাচের পর অবশ্য মনে করিয়ে দিলেন, ‘এটা নতুন কিছু নয়! এমন জয়ের আনন্দ বহু পেয়েছি!’তাহলে ওভাবে আলিঙ্গন বাঁধলেন কেন শিষ্যদের? কোচিং গুরুর ছবিতে চুমু খাওয়ার সময় টপটপ করে অশ্রু গড়িয়ে পড়ল কেন? কেন তিনি ওভাবে ক্রন্দনরত দলীয় ম্যানেজার হাসানুজ্জামান বাবলুকে জড়িয়ে ধরে বলবেন, ‘ওয়েট ম্যান। ইউ হ্যাভ টু গো লং ওয়ে।’ যত যা-ই বলুন, এই জয়ের স্বাদ জর্জেভিচের কাছে ব্যতিক্রম না হয়ে পারেইনি!পাশেই তখন টিভি ক্যামেরা ঘিরে ধরেছে অধিনায়ক আমিনুলকে। আজ তো প্রতিক্রিয়ায় তাঁর বলার কথা, ‘শুভসূচনা হয়েছে। এখন গেমস ফুটবলের সোনা জয়ের ব্যাপারে আমরাও আরও আশাবাদী হতে পারলাম।’ কিন্তু এর চেয়েও যেটা বেশি বললেন তা হলো, ‘প্রথম ম্যাচ তো...কঠিন ম্যাচ ছিল। সামর্থ্যের পুরোটা দিতে পেরেছি বলে মনে হয় না। তবে নিশ্চয়ই, এই জয় এখন আমাদের প্রেরণা।’হ্যাঁ, প্রেরণা তো বটেই। সাফ ফুটবলের ব্যার্থতার পর এসএ গেমস বড় জয় দিয়ে শুরু করতে পারার স্বস্তিও আছে। তবে ২১ বছর পর দক্ষিণ এশীয় গেমস ফুটবলে জয় দিয়ে শুরু করতে পারাই সবচেয়ে বড় প্রেরণার! দক্ষিণ এশীয় গেমস ফুটবলের প্রথম ম্যাচে বাংলাদেশ সর্বশেষ জিতেছিল ১৯৮৯ ইসলামাবাদ সাফে (পাকিস্তানের বিপক্ষে ১-০)। ’৯১ কলম্বো গেমসে শ্রীলঙ্কার কাছে ১-৩ ব্যবধানে হার, ’৯৩ ও ’৯৫ গেমসে মালদ্বীপের সঙ্গে ০-০, ’৯৯ গেমসে মালদ্বীপের কাছে ১-২ হার, ২০০৪ গেমসে ভারতের সঙ্গে ০-০, গতবার কলম্বোয় এই নেপালের সঙ্গে ১-১। তারপর কাল নেপালের বিপক্ষে ৩-০ জয়—টানা ড্র বা হারের ঘেরাটোপ থেকে অবশেষে বেরিয়ে আসতে পারল বাংলাদেশ! এবারের দক্ষিণ এশীয় গেমসটা তাহলে অন্য বাংলাদেশকেই দেখবে?‘অন্য বাংলাদেশ’ হিসেবে এই বাংলাদেশকে উপস্থাপন করার জন্যই তো জর্জেভিচের যাবতীয় অঙ্গীকার। দায়িত্ব নিয়েই বলেছিলেন, ‘চিকেন হার্টের খেলোয়াড় চাই না। টাইগার হার্টের খেলোয়াড় চাই। লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যাওয়ার মানসিকতা আছে যাদের, তাদের ঠাঁই হবে না আমার দলে।’সার্বিয়ান কোচ তাঁর অভিষেক ম্যাচে যে দলটা খেলালেন, তাতে ডিফেন্ডার মিন্টু শেখ, রেজাউল করিম, স্টাইকার ইউসুফদের মতো নতুন মুখগুলো কতটা কী করতে পারবেন, দেখার আগ্রহ জন্মাল। তবে প্রথম ম্যাচটায় তাঁরা উতরে গেলেন। নতুন মুখ নিয়ে গড়া দলটাকে ‘জর্জেভিচের কল্পনার বাংলাদেশ’ মনে হয়েছে ম্যাচের একেবারে শেষ কয়েক মিনিট। এই সময়ই জয়টা নিশ্চিত হলো। ততক্ষণে অবশ্য নেপালিরা মাঠে ভেঙে পড়েছে।৬ মিনিটে মামুনুল ইসলামের বক্সের ভেতর থেকে বাঁ পায়ের দারুণ শট জালে, ৮৮ মিনিটে কর্নার থেকে রাইট ব্যাক শিশু কোনাকুনি শটও জালে—বাংলাদেশের পাওয়া এ দুটি গোলই নেপালের রক্ষণদুর্বলতার ফসল। ৯০ মিনিটে আসা গোলটি নিয়ে বলতে হয়, ‘সুযোগের সদ্ব্যবহার’। এমিলির বদলি হয়ে মাঠে আসার কিছুক্ষণের মধ্যেই মাঝমাঠ থেকে বল পেলেন তরুণ স্ট্রাইকার মিঠুন চৌধুরী। গোলের নেশায় নেপালের রক্ষণ তখন মাঝমাঠে, গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় শেষ রক্ষা করতে পারেননি। মার্কারকেও ছিটকে দ্রুতগতির মিঠুনের ঠেলে দেওয়া বল পোস্টে। ৩-০!প্রেসবেক্সে নেপালের প্রায় ৫০ জনের বিশাল সাংবাদিক বহরের একজনের কাছে এই স্কোরলাইন অস্বাভাবিক নয়, ‘আমাদের দল ভালো খেলেনি। হারাটাই স্বাভাবিক!’তবে এই জয়টা অতি উচ্ছ্বাসে ভেসে যেতে বলতে পারে না বাংলাদেশকে। ধারাবাহিকতা রাখতে পারে না যে দল, তারা আগামী ম্যাচে কী করে সেটাই দেখার বিষয়!বাংলাদেশ দল: আমিনুল, ওয়ালি ফয়সাল, নাসির, মিশু, রেজাউল, মিন্টু, মামুনুল, শাকিল, এনামুল (জাহেদ), এমিলি (মিঠুন), ইউসুফ (মামুন মিয়া)।আশফাক জেতালেন মালদ্বীপকে৮৬ মিনিটে পেনাল্টি মিস করলেও এর দুই মিনিট আগে দলের প্লে-মেকার আশফাক আলীর গোলে ভুটানকে অতিকষ্টে হারাল সাফ রানার্সআপ মালদ্বীপ!