জর্জেভিচও অপেক্ষায় রাখলেন বাফুফেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের জন্য একজন বিদেশি কোচ চাই। সেই কোচ আনতে গলদঘর্ম অবস্থা হয়েছে বাফুফের। চারদিকে যোগাযোগ চলছে, কিন্তু সে অর্থে ‘ভালো’ কোচ পাওয়া যাচ্ছে না। অথবা পছন্দের কোচের নাগাল পেতে সময় লাগছে অনেক।নতুন কমিটি দায়িত্ব নিয়ে বলেছিল, নভেম্বর নাগাদ বিদেশি কোচ আনা হবে। নভেম্বরে কোচ আনা যায়নি। ডিসেম্বরেও সেই সম্ভাবনা নেই। এখন কোচ আনার নতুন ডেটলাইন জানুয়ারি।বিদেশি কোচ নিয়ে কাজ করছে ন্যাশনাল টিমস কমিটি। একই সঙ্গে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন খোঁজখবর করছেন। বিদেশে গেলে বিভিন্ন সভা-সমিতিতে কোচের আলাপ তুলছেন ‘বন্ধুদের’ কাছে। কীভাবে একজন ভালো কোচ পাওয়া যায়—এই তাঁর মিশন। এ ক্ষেত্রে কোচ অবশ্য একাডেমির জন্যও লাগবে। কিন্তু একাডেমির কোচ আনার আলাপ জুড়ে বাইরে থেকে নাকি ‘না-বোধক’ উত্তরই বেশি পাচ্ছেন।‘একাডেমির জন্য কোচ আনতে সবচেয়ে বড় সমস্যা, কেউ সিলেটে গিয়ে নির্জন জীবন বেছে নিতে চাইছে না। সিলেট বিকেএসপিতে যেহেতু আমরা একাডেমি করছি, তাই সেখানেই কোচকে থাকতে হবে। কোচরা মনে করছে, সিলেটে গিয়ে থাকা হবে তাদের জন্য জেলখানার মতো। কারণ, বিনোদনের কিছু সেখানে নেই’—বলছেন সালাউদ্দিন।একটা সমাধানসূত্র অবশ্য খুঁজে পেতে চলেছেন বলে জানালেন, ‘অনেকে আমাকে পরামর্শ দিয়েছে একাডেমির জন্য দক্ষিণ কোরিয়ান কোচ আনতে। তৃণমূল কোচিংয়ে কোরিয়ান কোচরা এখন খুব ভালো করছে। শেষ পর্যন্ত সম্ভবত কোরিয়ান কোচের দিকেই ঝুঁকব আমরা।’কিন্তু জাতীয় দলের কোচের ব্যাপারে কী হবে? খোঁজখবর নিয়ে জানা যাচ্ছে, জাতীয় টিমস কমিটির হাতে গোটা সাতেক কোচের বায়োডাটা আছে। সেখান থেকে দুজন কোচের কাছে চিঠি পাঠিয়ে তাঁদের আগ্রহ আছে কি না, জানতে চাওয়া হয়েছে। আট-দশ দিন আগে চিঠি পাঠালেও এখনো কোনো উত্তর আসেনি।দুই কোচের একজন তুরস্কের। তিনি ইরানে কোচ ছিলেন। ইউরোপেও কাজ করার অভিজ্ঞতা আছে। আরেকজন বাংলাদেশের ফুটবলে পরিচিত মুখই—জোরান জর্জেভিচ। ঢাকায় ২০১০ এসএ গেমস ফুটবলে বাংলাদেশকে সোনা জিতিয়েছিলেন এই সার্বিয়ান কোচ। সোনা জেতার পর হঠাৎ বেশ বড় অঙ্কের বেতন-ভাতা হাঁকিয়ে বসেন। এ নিয়ে বাফুফের সঙ্গে দর-কষাকষি করে শেষ পর্যন্ত ব্যর্থ মনোরথেই ফিরে যান। সেই জোরান এখন দক্ষিণ সুদানের কোচ। সেখানে এ মাসেই চুক্তি শেষ। তারপর বাফুফের প্রস্তাব বিবেচনা করবেন।জোরানের গোয়ার্তুমি আছে, একটু রগচটা। কিন্তু তাঁর সবচেয়ে বড় গুণ—দলকে উজ্জীবিত করতে পারেন। এ কারণেই জোরানের ব্যাপারে আগ্রহী খোদ সালাউদ্দিন। তবে পছন্দের ভালো কোনো কোচ পেলে পুরোনো না আনারই পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তারা। মোটের ওপর কী দাঁড়াল? জোরান বা তুরস্কের কোচ আসবেন কি না, নিশ্চিত নয়। এঁরা ‘না’ করলে আবার নতুন কারও কাছে চিঠি পাঠানো মানে আরও সময় লাগা।ওদিকে জাতীয় দলের জন্য স্থানীয় কোচ জরুরি হয়ে পড়েছে। মোহামেডানের কোচ সাইফুল বারীকে দিয়ে অন্তর্বর্তী কোচের দায়িত্বটা কয়েক মাস ধরে চালিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু এভাবে যে বেশি দিন চলতে পারে না, তা উপলব্ধি করেছেন কর্মকর্তারা। তাই হন্যে হয়ে এখন কোচ খোঁজা চলছে।সামনে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে থাইল্যান্ড-ভারত, মালয়েশিয়ার সঙ্গে প্রদর্শনী ম্যাচ, এরপর এএফসি চ্যালেঞ্জ কাপ, সেপ্টেম্বরে নেপালে সাফ ফুটবল। দেশি কাউকে স্থায়ীভাবে দায়িত্ব না দিয়ে বিদেশি কোচ আনার সিদ্ধান্তই চূড়ান্ত। কাজেই বিদেশি কোচ এখন আনতেই হচ্ছে।জাতীয় টিমস কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ কী বলেন? ‘আমরা বিদেশি কোচের জন্য যোগাযোগ করছি। আশা করি, জানুয়ারির মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। সভাপতি সাহেবও চেষ্টা করছেন, দেখা যাক কী হয়’—এটুকু বলেই থেমে যাচ্ছেন তিনি।