জর্জেভিচকে রেখে দিতে চান সালাউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল রাতে ঢাকা থেকে যখন ফোন করা হলো, কাজী সালাউদ্দিন তখন লন্ডনে। তাঁর কাছে জানতে চাওয়ার বিষয় অনেকগুলো। এসএ গেমস ফুটবলে বাংলাদেশ দলের সোনা জয়ে তাঁর অনুভূতি। কোচ জোরান জর্জেভিচ পরশু ফাইনালে জয়ের পর যে বললেন, গত ১ ফেব্রুয়ারির পর তাঁর সঙ্গে চুক্তি শেষ। তিনি এখন দলের কেউ না, সেটার উত্তরই বা কী? বাফুফে সভাপতির কাছে বিষয়গুলো তুলতেই বললেন, ‘আমি ১৩ তারিখ আসছি। এসেই সব চূড়ান্ত করব।’তবে সালাউদ্দিন কোচের কথা উড়িয়ে দিয়েছেন এই বলে, ‘কোচ তো চ্যালেঞ্জ কাপ পর্যন্ত থাকছেনই। এরপর নতুন সিদ্ধান্ত। ঢাকা থেকে আসার সময় আমি তো কোচের সঙ্গে চ্যালেঞ্জ কাপ নিয়ে কথা বলে এসেছি।’তাহলে কি কোচ ভুল বললেন? সেটাই বা কী করে হয়! এবার সালাউদ্দিন বললেন, ‘আসলে তার সঙ্গে দরকষাকষি করিনি আসার পর। এখন অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি এটুকু বলতে পারি, কোচ এমন কোনো শর্ত যদি না দেয়, তাহলে তাঁকে রেখে দেব। আর যদি শর্ত হয় পূরণ না করার মতো, তাহলে ভিন্ন কথা।’কাল রাতে কোচের সঙ্গে প্রাথমিক আলোচনায় বসার কথা ছিল বাফুফের কর্মকর্তাদের। যে রকম আভাস, তাতে কোচকে চ্যালেঞ্জ কাপ পর্যন্ত রেখে দেওয়ারই চিন্তা আছে। কোচের নিজেরও ইচ্ছা বাংলাদেশে কাজ করবেন। কাজের শুরুতে এসএ গেমসে দলকে সোনা এনে দিতে পারায় তাঁর আত্মবিশ্বাসও বেড়ে গেছে অনেক। তবে জর্জেভিচ বলছেন, সুযোগ-সুবিধা না বাড়ালে এ দেশের ফুটবল বেশিদূর এগুতে পারবে না।চ্যালেঞ্জ কাপের প্রস্তুতি নিতে কাল সকালে এসএ গেমস দলের খেলোয়াড়দের বিপোর্ট করতে বলা হয়েছে বাফুফে ভবনে। ১৬ ফেব্রুয়ারি তাজিকিস্তান, ১৮ ফেব্রুয়ারি মিয়ানমার ও ২০ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি গ্রুপ ম্যাচ—সময় হাতে নেই, বিমানে উঠে বসতে হচ্ছে দ্রুত।ফিফার টেকনিক্যাল কমিটির সভায় যোগ দিতে জুরিখে গেলে কী হবে, সালাউদ্দিন সব খবরই পাচ্ছেন ফোনে। বাংলাদেশ দলের পরশু ফাইনালে জেতার খবর সেখানে বসেই পেয়েছেন। পরশু ফিফার টেকনিক্যাল কমিটি আর ফুটবল কমিটির সভা একসঙ্গে হয়েছে। যৌথ সভায় গোল লাইনের পেছনে ক্যামেরা রাখা হবে কি না, এ নিয়ে দীর্ঘ ৩-৪ ঘণ্টা আলোচনায়ও ফল আসেনি বলে জানালেন সালাউদ্দিন।সবচেয়ে উচ্ছ্বসিত তিনি এটা দেখে যে ‘একই সভায় পেলে, বেকেনবাওয়ার, রজার মিলারা ছিল। দারুণ অনুভূতি অর অভিজ্ঞতা হলো।’ আর এসএ গেমসে যে বাংলাদেশ সোনা জিতছে, এটা নাকি তাঁর বিশ্বাসই হচ্ছে না, ‘আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। আমরা পরিশ্রম করেছি এবং তার ফল এসেছে।’বাংলাদেশ অধিনায়ক আমিনুলও ঠিক এই কথাই বললেন কাল, ‘ঘরের মাঠে এই শিরোপাটা জেতার জন্য আমরা পরিশ্রম করেছি। সেটার ফলও পেয়েছি।’ আমিনুল কৃতিত্ব দিলেন কোচকে, ‘আমার মনে হয় কোচের আন্তরিকতাটা বড় কাজ করেছে এর পেছনে। তিনি খেলোয়াড়দের উজ্জীবিত করেছেন। জেতার জন্য মাঠে নেমেছি আমরা। ফাইনালে জয়টা যে এত সহজে আসবে ভাবতেই পারিনি।’আমিনুলের কথায় আভাস, এই কোচকে রেখে দেওয়ার পক্ষে খেলোয়াড়েরাও।