জর্জেভিচকে ‘না’ বলে দিল বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল কোচের বিদায় মানেই তাহলে বিতর্ক আর নাটক? ব্রাজিলিয়ান এডসন সিলভা ডিডোর আলোচিত বিদায়ের পর সার্বিয়ান জোরান জর্জেভিচের নাটকীয় বিদায়ের পর এ রকম প্রশ্ন তো উঠতেই পারে! তবে ডিডোর সঙ্গে জর্জেভিচ-বিদায়ের পার্থক্যও আছে। ডিডো বিদায় নিয়েছিলেন ট্র্যাজেডির নায়ক হয়ে। আর এসএ গেমসে সোনা জেতানো বাংলাদেশ দলের ‘দেশপ্রেমী’ কোচ জর্জেভিচ যাওয়ার আগে রীতিমতো ভিলেন!লন্ডন থেকে ফিরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কাল দুপুরে বাফুফে ভবনে ফেডারেশন কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বসেছিলেন জর্জেভিচের সঙ্গে। তিন-চার দিন ধরে বাংলাদেশের ফুটবল এই আলোচনার দিকে তাকিয়ে থাকলেও আলোচনাপর্বের আয়ু ছিল মাত্র ১০-১৫ মিনিট! বাফুফে সভাপতি কোচের কাছে তাঁর বক্তব্য জানতে চাইলে অসম্ভব এক দাবি জানিয়ে বসেন জর্জেভিচ। এএফসি চ্যালেঞ্জ কাপ খেলতে বাংলাদেশ দল আজ দুপুরে শ্রীলঙ্কা রওনা হবে। জর্জেভিচের দাবি, শ্রীলঙ্কা যাওয়ার আগেই চার বছরের জন্য চুক্তি করতে হবে তাঁর সঙ্গে। চুক্তির অঙ্ক ৭ কোটি টাকা। বাফুফে সভাপতি তাঁকে বলেন, ভবিষ্যত্ চুক্তির ব্যাপারে আলোচনাটা চ্যালেঞ্জ কাপের পরে হোক। কিন্তু ন্যাড়া মাথার কোচ তাঁর বক্তব্যেই অনড়। শেষমেশ সালাউদ্দিন জানিয়ে দিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত—এই শর্ত মেনে জর্জেভিচকে রাখা সম্ভব নয় বাফুফের পক্ষে।জর্জেভিচের সঙ্গে সভার পর এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি বলেছেন, ‘কোনো আলোচনাতেই সে (জর্জেভিচ) রাজি নয়। সে সরাসরি বলে দিয়েছে ওই শর্ত মেনে এখনই চুক্তি না করলে সে দলের সঙ্গে শ্রীলঙ্কা যাবে না। আমিও তাঁকে বলে দিয়েছি, ধন্যবাদ। এটা আমাদের পক্ষে মানা সম্ভব নয়।’ না মানার কারণটাও জানিয়েছেন সালাউদ্দিন, ‘প্রথমত, আমাদের পক্ষে এত টাকার চুক্তি করা সম্ভব নয়। দ্বিতীয়ত, তাঁর দাবি কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও প্রশ্ন আছে।’ বাফুফে মনে করে, অদ্ভুত শর্ত দিয়ে জর্জেভিচ আসলে পরিস্থিতির সুযোগই নিতে চেয়েছেন। শ্রীলঙ্কা যাওয়ার আগে মাত্র ১২ ঘণ্টায় বিকল্প কোচ খুঁজে বের করা কঠিন জেনেই বাফুফেকে ‘ব্ল্যাকমেইলিং’য়ের দুরভিসন্ধি এঁটেছেন তিনি। জর্জেভিচের এমন মানসিকতায় বিস্মিত সালাউদ্দিন বলেছেন, ‘ভবিষ্যতে আমাদের প্রতিটি চুক্তি হবে পেশাদার। সব চুক্তি আমরা এএফসি, ফিফাকে দেখিয়ে তারপর করব। বাংলাদেশকে কেউ ব্ল্যাকমেইল করতে পারবে না।’ শুধু তা-ই নয়, বাফুফে সভাপতি প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে বাংলাদেশ দলের জন্য জর্জেভিচের চেয়েও ভালো এবং নামী কোচ আনবেন। সেই প্রক্রিয়াও নাকি শুরু হয়ে গেছে এর মধ্যে।কিন্তু এসব তো ভবিষ্যতের কথা। আগের চুক্তি অনুযায়ীই তো চ্যালেঞ্জ কাপে জর্জেভিচের বাংলাদেশ দলের কোচ হিসেবে কাজ করার কথা! বাফুফে সেটি মনে করলেও চুক্তির ব্যাখ্যাটা জর্জেভিচের কাছে অন্য রকম। গত ৩১ ডিসেম্বর বাফুফের দেওয়া চিঠিতে চুক্তির সময়সীমা উল্লেখ ছিল ‘২০১০-এর জানুয়ারি থেকে ২০১০-এর ফেব্রুয়ারি পর্যন্ত’। এই সময়ের জন্য জর্জেভিচ এবং তাঁর দুই কোচিং সহযোগীর মোট বেতন হবে ১৬ হাজার মার্কিন ডলার। কিন্তু চিঠিতে চুক্তি শেষ হওয়ার নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ ছিল না এবং অবস্থা দেখে মনে হচ্ছে জর্জেভিচ ওই ফাঁকটারই সুযোগ নিচ্ছেন। বাফুফে মনে করছে, ওই চিঠি অনুযায়ী জর্জেভিচের চুক্তি শেষ হওয়া উচিত ২৮ ফেব্রুয়ারি। আর জর্জেভিচ মনে করছেন, চুক্তির মেয়াদ ফেব্রুয়ারির আগেই শেষ। একই চুক্তিপত্রের কথা উল্লেখ করে বাফুফে সভাপতি যেমন বলছেন, ‘আমরা চাইলে ওর বিরুদ্ধে এএফসির কাছে অভিযোগ করতে পারি’, চুক্তিপত্র হাতে নিয়ে জর্জেভিচও তেমন বলছেন, ‘আমি এএফসির কাছে যাব...।’জর্জেভিচ শেষ পর্যন্ত কী করবেন কে জানে, তবে যত দূর জানা গেছে বাফুফে তাঁর বিরুদ্ধে কারও কাছে নালিশ-টালিশ করবে না। বাংলাদেশকে একটা ট্রফি এনে দেওয়ার সম্মানটুকু অন্তত তারা দিতে চায় তাঁকে। আজকের মধ্যে জর্জেভিচের সব পাওনা মিটিয়ে দিয়ে আগামীকাল দুই সঙ্গীসহ তাঁকে তুলে দেওয়া হবে দেশে ফেরার বিমানে। আর চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের কোচ থাকবেন গত তিন দিন দলের অনুশীলনের দায়িত্বে থাকা সাইফুল বারী, সহকারী হিসেবে যাবেন পনিরুজ্জামান পনির। এ ছাড়া ‘ফাইটার’ নন বলে জর্জেভিচ যাঁকে চ্যালেঞ্জ কাপের দল থেকে বাদ দিয়েছিলেন, সালাউদ্দিন দেশে ফিরে দলভুক্ত করেছেন সেই এনামুলকেও। ডাক পেয়ে কালই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন এই স্ট্রাইকার। আগামী পরশু টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে তাজিকিস্তানের সঙ্গে। বাংলাদেশের গ্রুপ-সঙ্গী অন্য দুই দল স্বাগতিক শ্রীলঙ্কা ও মিয়ানমার।