জর্ডান রূপকথায় জিতল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারলন স্যামুয়েলসকে আউট করার পর উল্লাসে মেতেছেন ক্রিস জর্ডান। ছবি: রয়টার্স
মারলন স্যামুয়েলসকে আউট করার পর উল্লাসে মেতেছেন ক্রিস জর্ডান। ছবি: রয়টার্স

১৯৮১ সালে ইংল্যান্ডের হয়ে প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমেছিলেন কোনো কৃষ্ণবর্ণের ক্রিকেটার। রোনাল্ড বুচারের সেই অভিষেক টেস্টটাও ছিল নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজেরই মাটিতে। সে সময় স্থানীয় একটি সংবাদপত্রের শিরোনাম ছিল: ‘আমাদের ছেলে, ওদের ব্যাট’। এই একই শিরোনাম আবারও ব্যবহার করতে পারে ক্যারিবীয় কোনো সংবাদপত্র। কারণ ঠিক ৩৩ বছর পর ঘরের ছেলের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের কাছেই হার মানতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ক্রিকেটারটির নাম ক্রিস জর্ডান।
২০০৭ সালে বারবাডোজের কেনসিংটন ওভাল যখন সাজছিল বিশ্বকাপের জন্য, তখন গ্যালারির দিকে তাকিয়ে স্বপ্নতুর চোখে তাকিয়ে ছিলেন জর্ডান। চোখে ছিল ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন। কিন্তু সাত বছর পর সেই একই স্টেডিয়ামে তিনি ফিরেছেন নিজ দেশের প্রতিপক্ষ হয়ে। ইংল্যান্ডের জার্সি গায়ে। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে জিতিয়েও দিয়েছেন দলকে। ক্রিস জর্ডানের এই প্রত্যাবর্তনের গল্পটা সত্যিই রূপকথার মতোই।
১৯তম ওভারে জর্ডান যখন ব্যাট হাতে উইকেটে এসেছিলেন, তখন ইংল্যান্ডের সংগ্রহ ছিল মাত্র ১৩৮ রান। শেষ ওভারটিতেই দানবীয় ব্যাটিং করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন জর্ডান। চারটি ছক্কা হাঁকিয়ে এক ওভারেই তুলে নেন ২৬ রান। ৯ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংসটি খেলে শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন তিনি। শুধু ব্যাট হাতে না, বল হাতেও ওয়েস্ট ইন্ডিজের সর্বনাশ করেছেন এই ডানহাতি পেসার। চার ওভার বল করে ৩৯ রানের বিনিময়ে নিয়েছেন তিনটি উইকেট। উত্তেজনাপূর্ণ ম্যাচটি ইংল্যান্ড জিতেছে পাঁচ রানে। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়েছে ১৬০ রানে।

প্রথম দুটি ম্যাচে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা অবশ্য আগেই জিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সান্ত্বনাসূচক হলেও এই জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে ইংল্যান্ড। আর অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী না হলেও জর্ডানও যে তাদের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠতে পারেন, সেটাও প্রমাণিত হয়েছে বেশ ভালোভাবেই।— ক্রিকইনফো