জর্ডানও এগোল অনেক দূর
বিশ্বকাপ বাছাই এশিয়া অঞ্চলের চূড়ান্ত পর্বে উঠে গেল জর্ডান, ইরাক, জাপান ও উজবেকিস্তান। পরশু তৃতীয় ধাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে এই চারটি দলই জিতেছে নিজ নিজ ম্যাচ। ‘এ’ গ্রুপ থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে বাছাইয়ের শেষ ধাপে পা রেখেছে জর্ডান। চার ম্যাচের চারটিতেই জিতেছে তারা, পরশু সিঙ্গাপুরকে হারিয়েছে ২-০ গোলে। পরশু চীনের বিশ্বকাপ-স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে (১-০) ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ধাপে পৌঁছেছে ইরাক। ‘সি’ গ্রুপ থেকে শেষ ধাপে জাপানের সঙ্গী উজবেকিস্তান। জাপান ৪-০ গোলে তাজিকিস্তানকে, উজবেকিস্তান ১-০ গোলে উত্তর কোরিয়াকে হারিয়েছে। আগের তিন ম্যাচেই জয় পাওয়া অস্ট্রেলিয়ারও সুযোগ ছিল চূড়ান্ত ধাপ নিশ্চিত করার। কিন্তু ওমানের কাছে ১-০ গোলে হেরে বসেছে তারা।সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-০ জয়ে ‘বি’ গ্রুপ থেকে দক্ষিণ কোরিয়ারও শেষ ধাপ প্রায় নিশ্চিত। চতুর্থ রাউন্ড শেষে সর্বোচ্চ ১০ পয়েন্ট তাদের। বাহরাইনের সঙ্গে ১-১ গোলে ড্র করে ঝুলে গেছে ইরানের ভাগ্য। ইন্দোনেশিয়াকে ৪-০ গোলে হারিয়ে কাতার এবং থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শেষ ধাপের আশা উজ্জ্বল করেছে সৌদি আরব। বাংলাদেশকে হারিয়ে বাছাইয়ের তৃতীয় পর্বে ওঠা লেবাননও কুয়েতকে ১-০ গোলে হারিয়ে উজ্জ্বল করেছে পরবর্তী ধাপের স্বপ্ন। এএফপি।