জর্ডানকে নিয়ে সতর্ক উরুগুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুইস সুয়ারেজ আর এডিনসন কাভানির মতো ভয়াবহ এক স্ট্রাইকিং জুটি। সঙ্গে যোগ করুন ডিয়েগো ফোরলানের মতো অভিজ্ঞ একজনের নাম। উল্টো দিকে আহমেদ হায়েল ইব্রাহিম আর হাসান আবদুল ফাত্তাহ নামগুলো বসিয়ে দেখুন। কোনো প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে কি মনে হচ্ছে?
ফুটবলীয় সাধারণ জ্ঞানই বলে দিচ্ছে, লড়াইটা অসম। বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চল থেকে প্লে-অফে জায়গা পাওয়া জর্ডানের চেয়ে শক্তিমত্তায় বেশ বড় ব্যবধানে এগিয়ে সুয়ারেজ-কাভানিদের উরুগুয়ে। ইব্রাহিম-ফাত্তাহদের জর্ডানের পক্ষে ওদের হারানো প্রায় অসম্ভব। সত্যিটা জানেন জর্ডানের আরেক মিডফিল্ডার বাহা সুলেইমানও। কিন্তু বিশ্বকাপে খেলা প্রতিটি দলের এমন আরাধ্য যে সেই প্রায় অসম্ভবকে সম্ভব করার স্বপ্নটাই দেখছেন সুলেইমান, ‘আসলে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। আর আমাদের তো স্বপ্ন দেখার অধিকার আছেই।’
জর্ডানের কাছে যে বিশ্বকাপ এখনো স্বপ্ন সেই বিশ্বকাপেরই দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ আসরেও চতুর্থ হয়েছিল সুয়ারেজ-কাভানিদের দল। কিন্তু এবারের বাছাইপর্বটা ওদের এত বাজে গেছে যে দক্ষিণ আমেরিকার পঞ্চম দল হিসেবে খেলতে হচ্ছে প্লে-অফে। প্রতিপক্ষ তাদের তুলনায় বেশ দুর্বল হলেও সামান্য অসতর্কতাই যে আজ আম্মান স্টেডিয়ামে বড় কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে সে আভাস দিয়ে রাখলেন সুয়ারেজ, ‘আমাদের খুব সতর্ক থাকতে হবে। জর্ডানের খুব দ্রুতগতির কয়েকজন খেলোয়াড় আছে, যাদের জায়গা দিলে ওরা নিজেদের যোগ্যতা দেখিয়ে দিতে পারে।’ ছাত্রের মতো সতর্ক উরুগুয়ে কোচ অস্কার তাবারেজও, ‘আমরা প্রতিপক্ষ সম্পর্কে অনেক গবেষণা করেছি। যাঁরা জর্ডানকে তাহিতির মতো দল ভাবছেন তাঁরা ভুল করছেন।’
লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষকে সমীহ করে এমন কথা বলতেই হয়। তবে নিজের মাঠে আজ প্লে-অফের প্রথম লেগ এবং ২০ নভেম্বর ফিরতি ম্যাচের পরই যে জর্ডানের পথচলা থেমে যেতে পারে, সেটা একরকম মেনে নিয়েছে জর্ডানের জনগণও। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তাই রাজা আবদুল্লাহ আগাম ধন্যবাদ জানিয়ে রাখলেন তাঁদের ফুটবল দলকে, ‘ফলাফল যা-ই হোক, আমরা আমাদের খেলোয়াড়দের নিয়ে গর্বিত।’
একই দিন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে অন্য প্লে-অফে স্বাগতিকদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কনকাকাফ অঞ্চলের পরাশক্তি মেক্সিকো শেষবার বিশ্বকাপ থেকে অনুপস্থিত ছিল ১৯৯০ সালে। কিন্তু এবার বাছাইপর্বটা জঘন্য কেটেছে মেক্সিকোর, আর এর খেসারত দিয়ে সর্বশেষ তিন মাসে চাকরি হারিয়েছেন তিনজন কোচ। তবে নতুন দায়িত্ব পাওয়া মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা বেশ আশাবাদী প্লে-অফে অল হোয়াইটদের হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার ব্যাপারে, ‘গত কয়েক মাসে যা কিছু হয়েছে সবার আগে আমাদের সেসব ভুলে যেতে হবে। আমরা আর সে অবস্থায় ফিরে যেতে চাই না। আমরা মেক্সিকোতে জিতব এবং ফিরতি ম্যাচে নিউজিল্যান্ড থেকেও জিতে ফিরতে চাই।’
তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে নিউজিল্যান্ডও। হাভিয়ের হার্নান্দেজ আর জিওভান্নি দস সান্তোসদের হারানোর কাজটা যে মোটেও সহজ নয়, সেটা জানেন নিউজিল্যান্ডের কোচ রিকি হারবার্ট। তবে ঘরের মাঠে শেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে জেতা মেক্সিকোর সাম্প্রতিক বাজে সময় স্বপ্ন দেখাচ্ছে হারবার্টকে, ‘কে ভেবেছিল মেক্সিকো প্লে-অফে খেলবে! এমনকি আমরাও ভাবিনি। এটা যেহেতু হয়েছে আরও অনেক কিছুই হতে পারে।’ এএফপি।