জলপ্রপাতের পাশে ক্রিকেট ভেন্যু
খুব সুন্দর একটি ভেন্যু পেতে চলেছে ক্রিকেট-বিশ্বে। খুব সম্ভবত ১০৫তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেকও হতে চলেছে এই মাঠটির, যেটি বানানো হচ্ছে নয়নাভিরাম ভিক্টোরিয়া জলপ্রপাতের পাশে। হারারে স্পোর্টস ক্লাব আর কুইনস স্পোর্টস ক্লাব বুলাওয়ের পর এটি হবে জিম্বাবুয়ের তৃতীয় টেস্ট ভেন্যু। ছয় বছর বিরতির পর টেস্টে ফিরছে জিম্বাবুয়ে। আগস্টেই বাংলাদেশের বিপক্ষে হারারেতে টেস্ট ম্যাচ। ওই সফরে পাঁচটি ওয়ানডেও খেলবে বাংলাদেশ। ২০১২ সালের আগস্টেও বাংলাদেশ আরেক দফা জিম্বাবুয়ে সফরে যাবে। নতুন এই ভেন্যুতে পরবর্তী সফরে বাংলাদেশের খেলা হবে কি না, পরেই জানা যাবে। কারণ মাঠের কাজই শুরু হবে আগামী বছরের শুরুতে।১০৮ মিটার উঁচু বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত এমনিতেই পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু। জাম্বিয়া-জিম্বাবুয়ে সীমান্তে প্রকৃতির এই অপরূপ সৃষ্টির পাশেই নির্মীয়মাণ এই মাঠ জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন দেশ, বিশেষ করে ইংল্যান্ডের ক্লাব দলগুলোকেও আকৃষ্ট করবে বলে জিম্বাবুয়ের আশা। সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেল বলেছেন, ‘লোকে এখন ক্রিকেটের জন্য দুবাই যায়। আমরা শিগগিরই এটার বিকল্প হয়ে উঠব। এটা নিয়ে আমাদের অনেক বড় পরিকল্পনাই আছে।’জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান নির্বাহী ওজিয়াস বিভুতেও বলেছেন, ‘এটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক আশ্চর্যগুলোর একটি। এখানে আন্তর্জাতিক ও প্রথম শ্রেণীর ক্রিকেট হলে সেটি খেলোয়াড় আর সমর্থকদের মধ্যে দারুণ সাড়া ফেলবে। আমাদের দেশে পর্যটন বিকশিত হচ্ছে, ক্রীড়া পর্যটনও তা-ই।’ এএফপি।