জহির ও মুনাফের বাইরে ভাবতে হবে: গাঙ্গুলি
অপমানজনক ইংল্যান্ড সফর শেষে এবার দেশের মাটিতে ঘুড়ে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া দেশের মাটিতে ইংল্যান্ডের ফিরতি সফরে নিশ্চয়ই ভালো পারফরম্যান্স দেখানোর প্রত্যয় ভারতীয় ক্রিকেটারদের। তবে এই মুহূর্তে দলের পেস আক্রমণের দুর্বলতা ঢাকতে ইনজুরি আক্রান্ত জহির খান ও মুনাফ প্যাটেলের বাইরেই ভারতীয় দলকে ভাবার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।সদ্য সমাপ্ত ব্যর্থ ইংল্যান্ড সফরে পেসারদের ইনজুরিই সবচেয়ে বেশি ভুগিয়েছে ভারতীয় দলে। জহির খানের অনুপস্থিতিতে ভারতীয় পেস আক্রমণ পরিণত হয়েছিল নখ-দন্তহীন বুড়ো বাঘে। এই মুহূর্তে সাফল্যের জন্য যে নতুন পেসার দরকার, তা নিয়ে কারো মনেই বিন্দুমাত্র সন্দেহ নেই।সৌরভ গাঙ্গুলিও মানেন ব্যাপারটি। তিনি বলেছেন, ‘ভারতীয় নির্বাচকদের এখন জহির খান ও মুনাফ প্যাটেলের বাইরে চিন্তা করতে হবে। জহির নিশ্চিভাবেই দলের সেরা বোলার। সে নিশ্চয়ই ইনজুরি কাটিয়ে ফিরে আসবে। কিন্তু, ততোদিনে আমাদের ওকে নিয়ে হাপিত্যেশ করলে চলবে না।’ তিনি শ্রীশান্ত ও ইশান্ত শর্মাকে আরও সতর্কতার সঙ্গে কাজে লাগানোর পরামর্শ দেন। পেস আক্রমণ নিয়ে কিছুটা চিন্তিত থাকলেও দেশের মাটিতে স্পিনাররা ইংলিশ ব্যাটসম্যানদের বেশ ভালোমতোই সামাল দিতে পারবেন বলে মনে করছেন গাঙ্গুলি। তিনি বলেন, ‘প্রজ্ঞান ওঝা এখন নিয়মিত টেস্ট খেলছে। এছাড়াও আমাদের কাছে হরভজন, অশ্বিন ও চাওলার মতো স্পিনাররা আছে। তাঁরা তাদের কাজটা বেশ ভালোমতোই করতে পারবেন। বিশেষত ভারতের পিচে।’ তবে আবার টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা দখল করতে হলে ভারতকে যে দেশের বাইরে গিয়ে জিততে হবে, সেটাও মনে করিয়ে দিয়েছেন গাঙ্গুলি। পিটিআই