জহির খানের তাড়া নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ইংল্যান্ড সফরের শুরু থেকেই গোড়ালির ইনজুরিতে ভুগছিলেন জহির খান। প্রথম টেস্টে মাঠে নামলেও শেষ পর্যন্ত বাকি ম্যাচগুলো মাঠের বাইরেই কাটাতে হয়েছে ভারতের এই মূল পেসারকে। এবার ইংল্যান্ডের ফিরতি সফরের সময়ও দর্শক হয়েই থাকতে হবে জহিরকে। অবশ্য ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার জন্য খুব বেশি তাড়াহুড়োও করতে চাচ্ছেন না তিনি। তবে কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে আগামী অস্ট্রেলিয়া সফরের সময়ই ভারতীয় দলে প্রত্যাবর্তনের আশা করছেন এই বাঁ-হাতি পেসার।গতকাল দিল্লিতে অর্জুন পুরস্কার গ্রহণের পর জহির খান সাংবাদিকদের বলেছেন, ‘আমি ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছি। আমার চিকিত্সার দ্বিতীয় পর্যায়ও শুরু হয়ে গেছে। এখন আমার গোড়ালিতে কিছুটা শক্তি অর্জনের জন্য কাজ করতে হবে। এ প্রক্রিয়াটা একটু ধীরগতির। কিন্তু এটা খুবই কার্যকর। আমি ধীরে ধীরেই এগোতে চাই।’ইংল্যান্ড সফরটা মাঠের বাইরেই কাটাতে হলো বলে দুঃখ প্রকাশ করেছেন জহির খান। তাঁর অনুপস্থিতিতে ভারতের বোলিং আক্রমণের যে দুরবস্থা হয়েছে, সে কথা ভেবে আফসোসটা আরও বেশিই হচ্ছে তাঁর। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা খেলতে না পারাটা খুব হতাশাজনক। কিন্তু এখন ধৈর্য ধরা ছাড়া আর কিছুই করার নেই। আমার উপর নির্ভরশীলতাও কোনো বাড়তি চাপ সৃষ্টি করবে না। আমার ওপরে এই প্রত্যাশাটা আমার ভালোই লাগে। আমি দায়িত্ব পছন্দ করি।’ টাইমস নিউজ নেটওয়ার্ক।