জহির খানের ফিটনেস নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিঃসন্দেহে ভারতের বর্তমান বোলিং আক্রমণের প্রধান ভরসা জহির খান। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সাফল্য পেতে হলে বাঁহাতি এই পেসারের ওপর অনেকখানিই নির্ভর করতে হবে ভারতকে। কিন্তু আর কদিন পর শুরু হতে যাওয়া চার ম্যাচের এই টেস্ট সিরিজের আগমুহূর্তে জহির খানের ফিটনেস নিয়ে সংশয় দেখা দিয়েছে। গত রোববার রনজি ট্রফির ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন জহির খান।গতকাল শুক্রবার ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনে জহির খান যেভাবে সময় কাটিয়েছেন, তাতে আরও ঘনীভূত হয়ে উঠেছে তাঁর ফিটনেস নিয়ে সন্দেহটা। প্রথমে অনুশীলনে এসে অল্প কিছু সময় ফুটবল খেলেছেন জহির; তারপর কোচ ডানকান ফ্লেচারের সঙ্গে কিছুক্ষণ কথা বলে চলে গেছেন ফিজিওথেরাপিস্ট ইভান স্পিচলির কাছে। সেখানে প্রায় ৪০ মিনিট কাটিয়েছেন ভারতের অন্যতম সেরা এই পেসার। দলের অন্য সদস্যরা তখন তুমুল অনুশীলনে ব্যস্ত থাকলেও তাঁদের সঙ্গে যোগ দিতে পারেননি জহির খান। পরে তিনি নেটে এসে অপেক্ষাকৃত কম গতিতে ২৫-৩০টি বল করেছেন। তবে এখন পর্যন্ত তাঁর ফিটনেস নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।জহির খান ছাড়া দলের বাকি সবাই যথেষ্ট তত্পর ছিলেন প্রথম টেস্টের প্রস্তুতিমূলক এই অনুশীলনে। রনজি ট্রফির ম্যাচে ডান হাতের একটি আঙুলে চোট পেয়েছিলেন বীরেন্দর শেবাগ। কিন্তু গতকাল অনুশীলনে তাঁকেও যথেষ্ট ফিট বলেই মনে হয়েছে। শচীন টেন্ডুলকার তিনটি আলাদা ধরনের উইকেটে ব্যাটিং করেছেন বেশ খানিকক্ষণ। টাইমস অব ইন্ডিয়া।