বাংলাদেশের বিপক্ষে আজ আবার যখন মাঠে নামবেন, অনেক স্মৃতিই নিশ্চয়ই দোলা দিয়ে যাবে জহির খানের মনে। বাংলাদেশের অভিষেক টেস্টটি ছিল জহির খানেরও অভিষেক টেস্ট। অভিষেকে দুই ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। এই দুই দেশের মধ্যে এখনো পর্যন্ত অনুষ্ঠিত ৫টি টেস্টের সবগুলো খেলে ১৬টি উইকেট, রেকর্ডটা খারাপ না হলেও খুব একটা ভালোও নয়। তবে বোলার হিসেবে নয়, বাংলাদেশের বিপক্ষে জহিরের সবচেয়ে বড় কীর্তিটি ব্যাটসম্যান হিসেবে। ২০০৪ সালে ঢাকা টেস্টে ১১ নম্বরে ব্যাট করতে নেমে ৭৫ রান করেছিলেন এই বাঁহাতি পেসার ও ডানহাতি ব্যাটসম্যান। টেস্টে শেষ ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড এটিই। কী অদ্ভুত মিল দেখুন, জহিরের আগে রেকর্ডটি যাঁর ছিল, তিনিও ছিলেন বাঁহাতি পেসার আর ডানহাতি ব্যাটসম্যান। ১৯৭৩ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৬৮ রান করেছিলেন নিউজিল্যান্ডের রিচার্ড কলিঞ্জ। কলিঞ্জ ভেঙেছিলেন ৫৭ বছরের পুরোনো রেকর্ড। ১৯০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৬২ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার বার্ট ভোগলার।