জহিরুলের ব্যাটে রাজশাহীর প্রতিশোধ
বিপিএলের ষষ্ঠ ম্যাচে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করে দুরন্ত রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছিল সিলেট রয়্যালস। আজ দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়েছিল এই দুই দল। আজকের ম্যাচে জহিরুল ইসলামের ভালো ব্যাটিংয়ে ভর করে সেই ১৪৮ রানের লক্ষ্য তাড়া করেই সিলেটকে ৫ উইকেটে হারিয়েছে দুরন্ত রাজশাহী। ৩৭ বলে ৪৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন জহিরুল।ফিল্ডিংয়ের সময় হাতে চোট পাওয়ায় আজ ব্যাট হাতে মাঠে নামতে পারেননি তামিম ইকবাল। বামহাতি এই ওপেনারের অনুপস্থিতিতেও চার্লস কভেন্ট্রি ও দিলশান মুনাবীরার ঝোড়ো ব্যাটিংয়ে ভালোভাবেই শুরু করেছিল দুরন্ত রাজশাহী। উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করেছিলেন তাঁরা। কিন্তু টানা দুই ওভারে এই দুই ব্যাটসম্যানকেই সাজঘরে পাঠিয়ে সিলেটকে লড়াইয়ে ফেরান ডোয়াইন স্মিথ। কভেন্ট্রি ২০ ও মুনাবীরা ২১ রান করেন। এরপর খুব দ্রুত আরও দুই বিদেশি ব্যাটসম্যান কাপুগেদারা ও শেন অরভিনের উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় দুরন্ত রাজশাহী। সে সময় ৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে রাজশাহীর সংগ্রহ ছিল ৬০ রান। বিপর্যয়পূর্ণ পরিস্থিতিতে আরও একবার শক্ত হাতে দলের হাল ধরেন জহিরুল ইসলাম। পঞ্চম উইকেটে জিয়াউর রহমানের সঙ্গে জুটি বেঁধে ৪৮ রানের চমত্কার এক জুটি গড়েন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ১৫তম ওভারে ১৯ রান করে জিয়াউর রহমান সাজঘরে ফিরলেও শেষ পর্যন্ত উইকেটে থেকে দলের জয় নিশ্চিত করেছেন জহিরুল। ষষ্ঠ উইকেটে ৪৬ রানের ঝোড়ো এক জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান জহিরুল ও মুক্তার আলী। এই ৪৬ রান তাঁরা করেছেন মাত্র ২৯ বলে। মুক্তার আলী ২৬ রান করে অপরাজিত ছিলেন।