জহিরের চেয়ে ভালো বোলার ব্লেক!
বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের ১ নম্বর বোলার তো বটেই; বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলারদের তালিকায় ওপরের দিকেই থাকবেন জহির খান। কিন্তু জানেন, জহির খানের চেয়েও দ্রুত গতির এক বোলার ঘুরে বেড়াচ্ছেন ক্রিকেটের বাইরের দুনিয়ায়! ফলে বঞ্চিত বিশ্ব ক্রিকেট, বঞ্চিত ওয়েস্ট ইন্ডিজ দল। কে সে? ইয়োহান ব্লেক! বিস্ময়ে ভ্রু কুঁচকানোর আগে সবটা জেনে নেওয়াই ভালো। জ্যামাইকান স্প্রিন্টার নিজেই বলছেন, জহির খানের চেয়ে জোরে বল করতে পারেন তিনি! ওয়েবসাইট।উসাইন বোল্টের ক্রিকেটপ্রেমের কথা সবারই জানা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বোল্টের বন্ধু-শত্রু ব্লেকও ক্রিকেটের বড় ভক্ত। হাজারো হোক, জ্যামাইকান রক্তই তো বইছে তাঁর শিরা-উপশিরায়। ক্রিকেট বল হাতে তাঁর গতিটা বিশ্ব না দেখলেও তাঁর শরীরের গতিতে বিস্মিত বিশ্ব। দিন দুই আগেই লন্ডনে ১০০ মিটারে বোল্টের পেছনে থেকেই ৯.৭৫ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা।ক্রিকেট বল হাতে যদি এর অর্ধেকটাও গতি ঢেলে দেন, ব্যাটসম্যানদের চোখে সরষে ফুলই দেখার কথা। ২২ বছর বয়সী স্প্রিন্টার তা পারেনও। ট্র্যাকে গতির ঝড় তোলায় মনোযোগ দিলেও ক্রিকেটপ্রেমী ব্লেক ক্রিকেটের খোঁজখবর রাখেন নিয়মিতই! ভারতের সব ক্রিকেটারকেই ব্লেকের চেনা, জানা আছে সামর্থ্যও। নিজেই বলেছেন, ‘আমি ক্রিকেট ভালোবাসি...ভারতও ক্রিকেট ভালোবাসে। কিন্তু তুমি কি জানো, আমি জহির খানের চেয়ে জোরে বল করতে পারি। শেষবার ভারতের ক্যারিবিয়ান সফরের সময় আমি ভারতীয় দলকে অনুসরণ করেছি।’