জহুরুলের ব্যাটে রাজশাহীর জয়
নেতৃত্বের গুরুভার ছিল না। উইকেটরক্ষক-ব্যাটসম্যান জহুরুল ইসলাম খেললেন নির্ভার হয়েই। তাঁর ৫৭ রানের দারুণ এক ইনিংসের ওপর ভর করে বরিশাল বার্নার্সকে আজ ৪ উইকেটে হারিয়েছে দুরন্ত রাজশাহী।বিপিএলে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫২ রান তোলে বরিশাল। জবাবে ইনিংসের দুই বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়েই ১৫৩ রান সংগ্রহ করে রাজশাহী।আগের ছয় ম্যাচে মাত্র দুটিতে জয় পাওয়া রাজশাহীর জন্য ১৫৩ রানের লক্ষ্যটা সহজ ছিল না মোটেই। ব্যাটিংয়ের শুরুটাও হয় খারাপ। মাত্র ১৩ রানের মধ্যে পতন ঘটে দুটি উইকেটের। তবে জহুরুলের দুর্দান্ত ব্যাটিং এবং দিলশান মুনাবীরা ও শন এরভিনের দৃঢ়তায় শেষ হাসি হাসে রাজশাহী। জহুরুল করেন ৫৭ রান। তাঁর ৩৮ বলের ইনিংসটিতে ছিল তিনটি করে চার ও ছয়ের মার। মুনাবীরা ও এরভিনের সংগ্রহ যথাক্রমে ২৯ ও ২৮ রান। বরিশালের হয়ে দুটি করে উইকেট নেন আজহার মাহমুদ ও কবীর আলী। প্রথমে ব্যাট করা বরিশালের ১৫২ রানের ইনিংসের মূল কারিগর ছিলেন আজহার মাহমুদ। ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার সময় তাঁর সংগ্রহ ছিল ৫৭ রান। আজহারের ৩৪ বলের ইনিংসটিতে ছিল দুটি চার ও চারটি ছয়ের মার। এ ছাড়া সাব্বির রহমান ২৯ ও জো ডেনলি ২৩ রান করেন। বল হাতে রাজশাহীর হয়ে সবচেয়ে সফল ছিলেন মুনাবীরা। ১৮ রানের বিনিময়ে দুটি উইকেট নেন লঙ্কান এই অফস্পিনার।জহুরুল ইসলামের বদলে আজ চামারা কাপুগেদারার নেতৃত্বে মাঠে নামে রাজশাহী। এ নিয়ে বিপিএলের সাত ম্যাচে তিনজন ভিন্ন অধিনায়ক নিয়ে মাঠে নামল দলটি। প্রথম দুই ম্যাচে রাজশাহীকে নেতৃত্ব দেন তামিম ইকবাল। এরপর টানা চারটি ম্যাচে অধিনায়কত্ব করেন জহুরুল। দুরন্ত রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে, নেতৃত্ব থেকে জহুরুলকে সরিয়ে দেওয়া হয়নি। তিনি অধিনায়কত্ব করতে চাইছেন না বলেই কাপুগেদারাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জহুরুল নাকি ব্যাটিং ও উইকেটকিপিংয়ে পূর্ণ মনোযোগ দিতে চান।সাত ম্যাচে তিন জয়—দুরন্ত রাজশাহীর অর্জন ৬ পয়েন্ট। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে দুই জয়ে বরিশাল বার্নার্সের অর্জন ৪ পয়েন্ট।