জহুরুলের ‘নতুন অভিষেক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি টেস্ট, ছয়টি ওয়ানডে আর একটা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। অথচ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ব্যাপারটা কী এত দিন জানতেই না জহুরুল ইসলাম! জানার কথাও নয়। বাংলাদেশ দলের এই ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশটা যে একদমই হঠাৎ করে!একটু পেছন ফিরে যান। এ বছরের মার্চে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে সবাইকে অবাক করে অভিমানে ‘অবসর’ নিয়ে রকিবুল হাসান ফিরে এলেন ঢাকায়। নির্বাচকেরা তাৎক্ষণিকভাবে জাতীয় লিগের সর্বোচ্চ স্কোরার জহুরুলকে বেছে নিলেন শূন্যতা পূরণে। ক্যাম্প-ট্যাম্প করে নয়, সিরিজ শুরুর আগের দিন ঢাকা থেকে চট্টগ্রামে উড়ে গিয়ে দলের সঙ্গে যোগ দিলেন জহুরুল। এরপর ঢাকায় ২০ মার্চ থেকে শুরু পরের টেস্টে হয়ে গেল তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও।এ বছরের মে মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজে। তাতেও জহুরুলের অনুশীলন ক্যাম্পের স্বাদ পাওয়া হলো না, এনসিএল টি-টোয়েন্টি খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তো বাংলাদেশ গেল কোনো ক্যাম্প ছাড়াই। এরপর ওয়েস্ট ইন্ডিজ থেকেই ইংল্যান্ডে দুই টেস্টের সিরিজ খেলতে যাওয়া। মাঝে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলে আবার ইংল্যান্ডে গিয়ে ওয়ানডে সিরিজ খেলে আসা—এসবের কোনোটির আগেই কোনো অনুশীলন ক্যাম্প হয়নি বাংলাদেশ দলের, জহুরুলেরও না।এবার নিউজিল্যান্ড সিরিজের অনুশীলন দিয়েই তাই তাঁর ‘অভিষেক’ হলো জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। জহুরুলের সৌভাগ্য, তাঁর দেখা প্রথম ক্যাম্পটাই সাম্প্রতিক অতীতে বাংলাদেশ দলের সবচেয়ে জাঁকালো প্রাণচঞ্চল ক্যাম্প। এই প্রথম ব্যাটসম্যানরা সুযোগ পাচ্ছেন লম্বা সময় ধরে ব্যাটিং প্র্যাকটিস করার, নতুন ফিল্ডিং কোচের তত্ত্বাবধানে ফিল্ডিং অনুশীলনটাও হচ্ছে উপভোগ্য। সব মিলিয়ে জাতীয় দলে নতুন ‘অভিষেক’ উপভোগই করছেন জহুরুল, ‘জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে আমি এবারই প্রথম। এখানে লম্বা সময় ধরে ব্যাটিং প্র্যাকটিস করতে পারছি। নতুন ফিল্ডিং কোচ এখন স্কিল নিয়ে কাজ করছেন। এরপর শুরু হবে আসল অনুশীলন। শুধু বোলিং কোচ নেই, নইলে দলটাকে এখন স্বয়ংসম্পূর্ণই মনে হচ্ছে।’কোচ জেমি সিডন্স সবাইকে আলাদা করে সময় দিচ্ছেন বলে জহুরুল সুযোগ পাচ্ছেন সমস্যা নিয়ে আরও বিস্তারিত কাজ করার। যদিও কোচ কেবল তাঁর ব্যাক লিফট আর ব্যাট সুইং নিয়েই কাজ করছেন বলে জানালেন জহুরুল, ‘আমার ব্যাক লিফট আর ব্যাট সুইং নিয়েই বেশি কাজ করছেন কোচ। অন্যান্য ব্যাপারে তিনি খুশি। এই দুটি জিনিস ঠিক করতে পারলে আর জোরে খেলা লাগবে না, এমনিতেই শটে পাওয়ার পাব। আন্তর্জাতিক ক্রিকেটে এসব সমস্যা খুব ধরা পড়ে।’কথাগুলো জহুরুল বলছিলেন কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পড়ন্ত বিকেলে, মূল অনুশীলন শেষে আধঘণ্টার মতো উইকেটকিপিং অনুশীলন করে। শুধু ব্যাটসম্যান হিসেবে নন, নিজেকে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবেই প্রতিষ্ঠা করতে চান এই তরুণ, ‘নিয়মিত কিপিং প্র্যাকটিস করছি। নাসু ভাই (নাসির আহমেদ) আমাকে সাহায্য করেন। কোচ-নির্বাচকেরা আমাকে সব সময় কিপিং প্র্যাকটিস করতে বলেন। নির্বাচকেরা বলেছেন, কিপিংটা আমার এবং দলের জন্য উপকারী হবে।’ এবার তাই ঘরোয়া ক্রিকেটেও উইকেটকিপিং করবেন বলে ঠিক করেছেন জহুরুল। প্রিমিয়ার লিগের দল বিমানের সঙ্গে যে তাঁর কথাবার্তা এগোচ্ছে, সেখানেও তিনি রেখেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলতে দেওয়ার শর্ত। কিন্তু সমস্যা হলো, বিমান ধরে রাখতে চাইছে জাতীয় দলের মূল উইকেটকিপার মুশফিকুর রহিমকেও। জহুরুল অবশ্য বলেছেন, ‘এখনো আমাদের দুজনের কারও সঙ্গেই বিমানের কথা চূড়ান্ত হয়নি। তবে আমি ওদের জানিয়েছি, আমি কিপিং করতে চাই। তারা আমাদের দুজনকেই রাখতে চায়, গত বছরও আমরা দুজনই ছিলাম। মুশফিকুর যদি থাকে অবশ্যই সেই কিপিং করবে, আমিও করব। চেষ্টা করব দুজনে ভাগ করে কিপিং করার।’