জা না অ জা না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ডুলকারের শেষ দেখার অপেক্ষায় বিশ্ব। এই ছবি আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর টেন্ডুলকার  ফাইল ছবি
টেন্ডুলকারের শেষ দেখার অপেক্ষায় বিশ্ব। এই ছবি আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর টেন্ডুলকার ফাইল ছবি

 বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদের একজন তিনি। অথচ টেন্ডুলকারের কাছে সবচেয়ে অমূল্য সম্পদ এক রুপির ১৩টি মুদ্রা। যখন রমাকান্ত আচরেকারের ছাত্র ছিলেন, তখন নেটে ব্যাটিংয়ের সময় স্টাম্পের ওপর একটি মুদ্রা রেখে দিতেন আচরেকার। কোনো বোলার তাঁকে আউট করতে পারলে তিনিই পেতেন ওটা। আর না পারলে পেতেন টেন্ডুলকার।
 ১৯৮৭ সালে চেন্নাইয়ে এমআরএফ পেস ফাউন্ডেশনে পেসার হিসেবে ভর্তি হতে গিয়েছিলেন টেন্ডুলকার। বোলিং দেখে ডেনিস লিলি তাঁকে ব্যাটিংয়েই মন দিতে বলেন। পেস বোলিং পরীক্ষায় সেদিন প্রত্যাখ্যাত হয়েছিলেন আরেক ভারতীয় গ্রেট—সৌরভ গাঙ্গুলী!
 আন্তর্জাতিক ক্রিকেটে পা দেওয়ার আগেই টেন্ডুলকার একবার খেলেছিলেন পাকিস্তানের হয়ে! ১৯৮৭ সালে ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার সুবর্ণজয়ন্তীর এক প্রীতি ম্যাচে ফিল্ডিং করেছিলেন ইমরান খানের পরিবর্ত হিসেবে।
 টেন্ডুলকার প্রথম বিশ্বকাপের স্বাদ পান ১৯৮৭ সালে। ঘরের মাঠের বিশ্বকাপে ছিলেন বল বয়!
 টেন্ডুলকারের অভিষেক টেস্ট ছিল কপিল দেবের শততম টেস্ট। সেই টেস্টে ৩৫০ উইকেট ছুঁয়েছিলেন কপিল, হয়েছিলেন ম্যাচসেরাও। টেন্ডুলকার প্রথম বলটি খেলেছিলেন ওয়াকার ইউনিসের, তাঁরও অভিষেক টেস্ট ছিল সেটি!
 ১৪ বছর বয়সে সুনীল গাভাস্কারের কাছ থেকে এক জোড়া প্যাড উপহার পেয়েছিলেন টেন্ডুলকার। গাভাস্কারের টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পর বলেছিলেন, ওই প্যাড জোড়াই ছিল তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা। গাভাস্কার অবশ্য বলেছিলেন, ‘খুব হালকা এই প্যাড শচীনকে দেওয়া ঠিক হয়নি। এটা হলো দৌড়ানোর সুবিধার জন্য, ও তো সব রান বাউন্ডারিতেই করে!’ মুম্বাই অনূর্ধ্ব-১৫ দলে ডাক পাওয়ার পর দিলীপ ভেংসরকার উপহার দিয়েছিলেন একটি জিএম ব্যাট।
 ১৯৯০ সালে প্রথম টেস্ট সেঞ্চুরিতে ওল্ড ট্রাফোর্ড টেস্ট বাঁচানোর পর ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন এক বোতল শ্যাম্পেন। টেন্ডুলকারের বয়স তখন ১৭, ব্রিটিশ আইন অনুযায়ী ১৮ বছরের কমে শ্যাম্পেন ছিল নিষিদ্ধ! পরে টেন্ডুলকার সেই বোতলের মুখ খুলেছিলেন মেয়ে সারার প্রথম জন্মদিনে, ১৯৯৮ সালে!