জাগরণের ডাক সাঙ্গাকারার
খাদের কিনারায় দাঁড়িয়ে শ্রীলঙ্কা। বড় ব্যবধানে হেরেছে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই। আজ হারলে স্বাগতিকদের কপালে জুটবে দুই ম্যাচ আগেই সিরিজ হারের লজ্জা। কুমার সাঙ্গাকারা তাই ডাক দিয়েছেন জাগরণের। প্রথম দুই ম্যাচে দলকে ভুগিয়েছে ব্যাটিং। সাবেক অধিনায়ক দলকে বাঁচাতে জ্বলে উঠতে বলেছেন ব্যাটসম্যানদের।ওয়ানডে সিরিজের আগে টি-টোয়েন্টিতে দারুণ ছিল শ্রীলঙ্কার পারফরম্যান্স। প্রথমটিতে রান তুলেছিল ১৯৮, পরেরটিতে ১৫৭। জিতেছিল দুটো ম্যাচই। কিন্তু ওয়ানডে সিরিজেই সেই দলই বিবর্ণ। দুটি ম্যাচেই স্বাগতিকদের হার নিশ্চিত হয়ে গেছে মূলত প্রথম ইনিংস শেষেই। প্রথম ওয়ানডেতে গুটিয়ে গেছে তারা ১৯১ রানে, পরেরটিতে ২০৮। দুই ম্যাচে ফিফটি মাত্র একটি। ওই রান অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জই জানাতে পারেনি। ২০ উইকেটের বিনিময়ের দুই ম্যাচে তুলে নিতে পেরেছে অস্ট্রেলিয়ার মোটে ৫ উইকেট!দ্বিতীয় ম্যাচের ভেন্যু হাম্বানটোটাতেই আজকের ম্যাচ। কাল সাঙ্গাকারা নিজের ব্লগে লিখেছেন, ‘আরেকটি ব্যাটিং-ব্যর্থতা। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে এখন আমাদের অনেক কিছুই করতে হবে। আগামীকাল (আজ) যেকোনোভাবেই হোক আমাদের গুছিয়ে উঠতে হবে। অসিরা সব সময়ই আমাদের ব্যাটসম্যানদের চাপে রাখতে পেরেছে, কিন্তু আমরা বড় রান করতে না পারায় ওদের চাপে পড়তে হয়নি।’ব্লগে নিজের ভাবনা জানিয়েছেন সহ-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও, ‘সিরিজ বাঁচাতে হলে আমাদের আর ভুল করার কোনো সুযোগ নেই এবং আগামীকালের (আজ) চ্যালেঞ্জ সামলাতে আমাদের এক হয়ে জ্বলে উঠতে হবে।’ ওয়েবসাইট।