জাঙ্কোভিচের পর অ্যান্ডি মারে
অঘটনের শুরুটা হয়েছিল ইয়েলেনা জাঙ্কোভিচকে দিয়ে। পরশু সেই অঘটনের শিকার হয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছিলেন এই সার্বিয়ান। জাঙ্কোভিচের পথ ধরে অঘটনের শিকার হয়েছেন অ্যান্ডি মারেও। গতকাল রোববার সুইজারল্যান্ডের স্টানিলাস ওয়ারিঙ্কার কাছে ৬-৭, ৭-৬, ৬-৩, ৬-৩ গেমে হেরে চতুর্থ রাউন্ডে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে চতুর্থ বাছাই স্কটিশ এই তারকার।মারের বিদায়ের দিনে দুর্দান্ত খেলেছেন রাফায়েল নাদাল ও কিম ক্লাইস্টার্স। প্রতিপক্ষকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন এ দুই তারকা। চতুর্থ রাউন্ডে ওঠার পথে নাদাল ৬-৪, ৬-৪, ৬-২ সেটে উড়িয়ে দিয়েছেন ফ্রান্সের জাইলস সাইমনকে। আর ২০০৫ সালে ইউএস ওপেন জয়ী ক্লাইস্টার্স সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আনা ইভানোভিচকে বিধ্বস্ত করেছেন ৬-২, ৬-১ সেটে। ইউএস ওপেন থেকে বিদায়ের পর অ্যান্ডি মারের প্রতিক্রিয়া, ‘আমি ফিট ছিলাম না। শারীরিকভাবে বেশ ধকল সইতে হয়েছে আমাকে। এ কারণে আমি হতাশ হয়ে পড়েছিলাম।’ নিজেকে সান্ত্বনা দেওয়ারও চেষ্টা করেছেন মারে, ‘এ বিদায়ে আমি সত্যিই হতাশ। কিন্তু এ হতাশাটা আরও বড় হতে পারত। শিরোপা জয়ের কাছাকাছি গিয়ে হারলে সেই হারটা মেনে নেওয়া অনেক কঠিন।’—রয়টার্স