জাত চেনালেন কোহলি
দল যখন খাদের কিনারায়, তখনই জ্বলে উঠলেন বিরাট কোহলি। তাঁর অপরাজিত ১৩৩ রানের অবিশ্বাস্য এক ইনিংসে বিশাল রানের পাহাড়টাও মামুলি হয়ে গিয়েছিল পরশু। ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে ৩২১ রানের লক্ষ্যটা ছুঁতে হতো ৪০ ওভারের মধ্যে। হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত জিতল ৩৬.৪ ওভারে।ম্যাচের শেষের দিকে কোহলি লাসিথ মালিঙ্গার এক ওভারে ২৪ রান নিয়ে বুঝিয়েছেন লঙ্কান বোলারদের ওপর কেমন ছিল তাঁর শাসন। কিন্তু ম্যান অব দ্য ম্যাচ নিজের কথা না বলে দলেরই জয়গান গেয়েছেন, ‘৪০ ওভারে ৩২১ করে জিততে দরকার ছিল ব্যাটিংয়ে সবার সম্মিলিত চেষ্টা। আমরা একটি দল হিসেবেই পারফর্ম করেছি। জয়টা দেখিয়েছে দল হিসেবে আমরা কেমন, আর কত ভালোভাবে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি। ব্যাপারটা ছিল কঠোর পরিশ্রম ও হাল না ছাড়ার।’সমালোচকদের সঙ্গে নিজেরও একটা বোঝাপড়া ছিল। সেই লড়াইয়ে জিতে উৎফুল্ল কোহলি, ‘সমালোচকেরা সব সময়ই থাকবে, তবে এই ইনিংসটা দিয়ে আমি কিছু প্রমাণ করেছি। ব্যাপারটা ঠিক এ রকম, আপনি যদি ভালো খেলেন, তবে আমরা দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারি। তাই এতে একটা বিশেষ আবেগ জড়িত। এটা আমার খেলা অন্যতম সেরা ওয়ানডে ইনিংস, যেভাবে খেলেছি তার জন্য নয়, বরং ম্যাচটার ধরনের জন্য।’অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে শোচনীয় ব্যর্থতার পর ভারতের গণমাধ্যমে ব্যাপক সমালোচিত ভারতীয় দল। সেই সমালোচনার প্রভাব এড়াতে এক টেলিভিশন দেখা ও সংবাদপত্র পড়া বন্ধ করে দিয়েছিলেন কোহলি। ২৩ বছর বয়সী ব্যাটসম্যান বলছেন এটা তাঁর কাজে লেগেছে, ‘তখন আমি নিজেকে বলেছি ইতিবাচক চিন্তাভাবনা করতে আর ভেবেছি রান না করতে পারার তো কোনো ভালো কারণ নেই। আমি এটা বিশ্বাস করেছি আর এটাই হচ্ছে আসল।’তবে কোহলিকে যেটা সবচেয়ে বেশি উদ্দীপ্ত করেছে সেটা হচ্ছে পরশুর ম্যাচটাকেই শেষ ম্যাচ ভাবা, ‘যখন আপনার হাতে শুধু একটা ম্যাচই থাকবে, দরকার হবে সবকিছু নিংড়ে দেওয়ার আর আমরা এটা করতে পেরেছি বলে ভালো লাগছে।’লম্বা এক সফরের শেষ দিকে এসে মনোযোগ ধরে রাখাটা খুব কঠিন। কোহলি স্বীকার করেছেন মানসিকভাবে ভীষণ ক্লান্ত হয়ে পড়ার কথা। অবসাদটা বেশি পেয়ে বসেছিল একের পর এক ম্যাচ হারাতেই। নির্ভার থাকার জন্য এখন মাঠের বাইরে কারও সঙ্গে ক্রিকেট নিয়ে আলাপই করেন না কোহলি। ওয়েবসাইট।