জাত চেনালেন পোডলস্কি
প্রথম দুই ম্যাচে ছিলেন স্রেফ নিজের ছায়া। উইং ধরে চিতার ক্ষিপ্রতায় সেই দৌড়, সেই দুর্দান্ত ফিনিশিং—কিছুই ছিল না। কিন্তু তৃতীয় ম্যাচেই যেন অন্ধকার থেকে আলোয় ফিরলেন, ডেনমার্কের বিপক্ষে গোল করে জার্মানির হয়ে নিজের শততম ম্যাচকে স্মরণীয় করে রাখলেন লুকাস পোডলস্কি।জার্মান দলে সাম্প্রতিক ফর্মহীনতার কারণে বেশ চাপের মুখে ছিলেন। চারদিক থেকে বলাবলি হচ্ছিল, সেরা সময় পেছনে ফেলে এসেছেন পোডলস্কি। এই দুর্ধর্ষ জার্মান দলে তিনি বড্ড বেমানান। সমালোচকদের মুখে কুলুপ আঁটতে এর চেয়ে ভালো উপলক্ষ আর কী হতে পারত? শততম ম্যাচ খেলতে নামার আগেই পোলিশ বংশোদ্ভূত এই ফরোয়ার্ড ছিলেন রোমাঞ্চিত, ‘প্রথমেই বলতে হবে আমি গর্বিত। আনন্দটাও কম কিছু নয়। জার্মানির হয়ে এতগুলো ম্যাচ খেলব, আমার সুদূরতম কল্পনাতেও এটা ছিল না।’ আর গোল করে মাইলফলক ম্যাচটিকে রাঙাতে পেরে তো উচ্ছ্বাসে বাঁধনহারা। যদিও মুখে দলের কথাই বললেন বেশি করে, ‘গোলটা অবশ্যই বিশেষ কিছু, কারণ আমি ডান পায়ে মেরেছি। তবে দল কোয়ার্টার ফাইনালে উঠেছে, এটাই বড় কথা।’ ১০০ ম্যাচের মাইলফলকটাই ছিল তাঁর আরাধ্য, নির্দ্বিধায় সেটাও জানিয়েছেন, ‘লোথার ম্যাথাউসের ১৫০ ম্যাচের রেকর্ড ভাঙব, এমন লক্ষ্য আমার ছিল না। আমার স্বপ্নই ছিল ১০০টি ম্যাচ খেলা। এখন মনে হচ্ছে, ভালো বোধ করলে আরও কিছু বছর তো খেলাই যায়।’ মনে হচ্ছে, ম্যাথাউসের রেকর্ড ভাঙার সময় ঘনিয়ে এল বলে! ওয়েবসাইট।