জাতীয় চুক্তিতে নেওয়া হচ্ছে না মালিককে!
দুর্বল পারফরম্যান্সের কারণে ক্রিকেটারদের নতুন জাতীয় চুক্তিতে ডাক নাও পেতে পারেন শোয়েব মালিক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন মুখপাত্র গতকাল সোমবার এই ইঙ্গিত দিয়েছেন।পাকিস্তান দলের অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে অন্যতম মালিক খেলেছেন ৩২টি টেস্ট ও ১৯২টি এক দিনের ম্যাচ। টেস্টে গড় রান ৩৩.৪৫ আর ওয়ানডেতে ৩৪.৩৫। কিন্তু সাম্প্রতিক সময়গুলোয় যেন নিজেকে খুঁজেই পাচ্ছেন না সাবেক এই অধিনায়ক। ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে ইংল্যান্ড সফরেও। ইংল্যান্ড সফরে এসে তিনটি টেস্টে অংশ নিয়ে তুলতে পেরেছেন মাত্র ৮৯ রান। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপে দুই ইনিংস মিলিয়ে সংগ্রহ করেছিলেন মাত্র ৪৬ রান।নতুন জাতীয় চুক্তিতে মালিককে বাইরে রাখার ইঙ্গিত দিয়ে পিসিবির একজন মুখপাত্র গতকাল এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, মালিকের পারফরম্যান্সে নির্বাচকেরা অসন্তুষ্ট। নতুন জাতীয় চুক্তিতে মালিককে না রাখার সুপারিশ করতে পারেন তারা। এ চুক্তিতে মালিকের থাকার সম্ভাবনা কম। এরপর মুখমাত্র যোগ করেন, চুক্তিতে নির্বাচক কমিটি তরুণদের অগ্রাধিকার দেবে। আর এ কারণেই দলের বাইরে পাঠানো হয়েছে শোয়েব আখতারকে।গত মাসেই ক্রিকেটারদের জাতীয় চুক্তির মূল্যায়ন করার কথা ছিল। কিন্তু পিসিবির চেয়ারম্যান ইজাজ বাট ইংল্যান্ডে থাকায় আগামী মাসে এ নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। নতুন চুক্তিতে মালিকের নাম লেখানোর সুযোগ অবশ্য একটা আছে—নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ড সফরের বাকি ম্যাচগুলোয় অনেক বেশি রান সংগ্রহ করতে হবে।