জাতীয় দলের ক্যাম্প বর্জন হকি খেলোয়াড়দের

দলবদলের দাবিতে হকি ফেডারেশনের কর্মকর্তা ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে খেলোয়াড়েরা ধরনা দিচ্ছিলেন অনেক আগে থেকেই। কিন্তু দলবদলের কোনো চূড়ান্ত ঘোষণা আসছিল না। উল্টো খেলোয়াড়দের মুঠোফোনে হত্যার হুমকি দিয়ে খুদেবার্তা পাঠানো হচ্ছিল অজানা নম্বর থেকে। এসব ঘটনার জেরেই এবার এশিয়া কাপ হকির ক্যাম্প বর্জন করেছেন জাতীয় দলের খেলোয়াড়েরা। আজ সোমবার সকালে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এসে এই ক্যাম্প বর্জনের কথা জানিয়েছেন খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পী, ‘জিমিকে মোবাইলে হুমকিদাতার প্রমাণ পাওয়ার পরও কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? আমরা চাই, ২৪ ঘণ্টার মধ্যে যেন জিমির হুমকিদাতাকে আইনি প্রক্রিয়ায় আনা হয়। সেই সঙ্গে দলবদলের তারিখও এই সময়ের মধ্যে ঘোষণা করতে হবে। এসব দাবিতেই মূলত আমরা সাময়িকভাবে ক্যাম্প বর্জনের ঘোষণা দিলাম।’ আগামী ২৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ হকি। পাকিস্তানি কোচ নাভিদ আলমের অধীনে চলছে জাতীয় দলের অনুশীলন। কিন্তু এই ক্যাম্প বর্জনে বড় একটা ক্ষতিই হবে দেশের হকির।