জাতীয় দলের বোলিং কোচ হিথ স্ট্রিক

খবরটা আগেই ছড়িয়ে পড়েছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। সেটাও এসে গেল আজ। বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হতে যাচ্ছেন হিথ স্ট্রিক। আজ সোমবার বিসিবি আনুষ্ঠানিকভাবে তাঁর নাম জানিয়েছে। জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক ও ফাস্ট বোলারের সঙ্গে চুক্তির মেয়াদ দুই বছর। এই সময়ের মধ্যে স্ট্রিক মোট ৪৫০ দিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছে বিসিবি।
জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার খেলেছেন ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে। টেস্টে ২১৬ এবং ওয়ানডেতে ২৩৯টি উইকেট নিয়ে জিম্বাবুয়ের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। টেস্টে জিম্বাবুয়ের পক্ষে আর কারও ১০০ উইকেটই নেই, ওয়ানডেতে নেই ২০০ উইকেট।
২০০৯ সালে স্ট্রিক জিম্বাবুয়ের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগামী মাসে ভারতের বিপক্ষে অনুষ্ঠেয় তিন ওয়ানডে সিরিজের আগেই স্ট্রিক বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।