জাতীয় দাবা ও রিফাত
জাতীয় দাবায় অভিষেক সেই ১৯৮৭ সালে। ১৯৮৯ সালে সুযোগ পাননি। পরের বছর খেলেননি এসএসসি পরীক্ষার জন্য। ১৯৯১ সাল থেকে শুরু করে রিফাত বিন সাত্তারকে ছাড়া জাতীয় দাবা হয়েছিল একবারই, ১৯৯৭ সালে খেলতে পারেননি জন্ডিসে আক্রান্ত হওয়ার কারণে।
সেই রিফাত এবার জাতীয় দাবায় নেই। ২২ বছরে মাত্র দ্বিতীয়বারের মতো। চাকরি বড় দায়, সেটির কারণেই খেলতে পারছেন না এই গ্র্যান্ডমাস্টার। রিফাতের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। মন খারাপ দুই আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন সাগর ও আবু সুফিয়ান শাকিলেরও। রিফাত না খেলায় যে তাঁদের জিএম নর্ম করার সুযোগ থাকল না। রিফাত খেলছেন না বলে এই দুজনের প্রতিপক্ষের গড় জিএম নর্মের জন্য প্রয়োজনীয় ২৩৮০ রেটিংয়ের চেয়ে কমে গেছে।
তবে বাস্তবতা হচ্ছে, পাঁচ খেলায় ২ পয়েন্ট পাওয়ায় শাকিলের জিএম নর্ম করার সম্ভাবনা এরই মধ্যে শেষ। পাঁচ ম্যাচে সাড়ে চার পয়েন্ট নিয়ে সাগর ভালো অবস্থানে থাকলেও চূড়ান্ত লক্ষ্য তো আর পূরণ হচ্ছে না। এ কারণেই রিফাতের না-খেলা নিয়ে এত আলোচনা। রিফাত খেললেই যে হয়ে যেত এমন অবশ্য নয়। জিএম নর্মের জন্য ১৩ ম্যাচে অন্তত ১১ পয়েন্টের ওপরে লাগত। কাজটা সহজ নয়। এত কিছু অবশ্য রিফাতের জানা নেই। কাল টেলিফোনে যোগাযোগ করলে তিনি বললেন, ‘আমি তো জানতাম না, আমি খেললে সাগর ও শাকিলের জিএম নর্ম করার সুযোগ ছিল।’
জাতীয় দাবায় না থাকার কারণটাও জানালেন, ‘২০১১ সালে আমিই একমাত্র গ্র্যান্ডমাস্টার হিসেবে খেলেছি এই প্রতিযোগিতায়। অফিসের কাছে খেলার সুযোগ চাইলে বরাবরই পেয়ে এসেছি। তবে এ মুহূর্তে অফিসের কাজের চাপ অনেক বেশি। তাই সব দিক ভেবেই না খেলার সিদ্ধান্ত।’
বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডে পরিচালক পদে আছেন। কাজের চাপের মধ্যেও এত দিন জাতীয় দাবার জন্য সময় বের করেছেন। এবার সেটি না পারার আক্ষেপ রিফাতের কণ্ঠে, ‘ভীষণ মিস করছি। কিন্তু করার কিছু ছিল না।’