জাতীয় দাবায় এবারও নেই রিফাত
পাঁচ গ্র্যান্ডমাস্টার একই সঙ্গে জাতীয় দাবায় খেলছেন—দৃশ্যটা এ পর্যন্ত কখনোই দেখা যায়নি। এবার বার্জার পেইন্টস ৪০তম জাতীয় দাবাতেও খেলছেন না দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারের একজন—রিফাত বিন সাত্তার। গত বছরের মতো এবারও জাতীয় দাবায় খেলছেন না ব্যক্তিগত কারণ দেখিয়ে। বিওএ ভবনে আজ শুরু হবে খেলা।
জাতীয় দাবায় সরাসরি খেলবেন চার গ্র্যান্ডমাস্টার—নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, বর্তমান চ্যাম্পিয়ন আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। এঁদের সঙ্গে খেলবেন জাতীয় দাবার বাছাই শেষে চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ, মাহতাব উদ্দিন, উতেন রাখাইন, দেবরাজ চ্যাটার্জি, খোন্দকার আমিনুল, শেখ নাসির, গোলাম মোস্তফা, সোহেল চৌধুরী, মাসুম হোসেন ও রেজাউল হক। জাতীয় দাবার ফলাফলের ভিত্তিতেই আগামী বছরের ফিদে, এশিয়ান ও জোনালসহ বিভিন্ন আন্তর্জাতিক দাবায় খেলার সুযোগ পাবেন দাবাড়ুরা। কাল সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক বার্জার পেইন্টসের ব্র্যান্ড ম্যানেজার কাজী মোফরাদ মুনতাসিরসহ অন্যরা।