জাতীয় সাঁতারেদ র্শকানন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর ধরে প্রিমিয়ার ফুটবল লিগের দল মুক্তিযোদ্ধা হোম ভেন্যু হিসেবে খেলছে গোপালগঞ্জ স্টেডিয়ামে। প্রায় প্রতিটি ম্যাচে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। গোপালগঞ্জের সাঁতারপুলে কাল শুরু হয়েছে আরএমএম গ্রুপ ২৭তম জাতীয় সাঁতার। একই অবস্থা সুইমিংপুলেও। পুলের ১ হাজার ধারণক্ষমতার গ্যালারি টইটম্বুর। পুলের নিচের অংশটাও ছিল দর্শকে ঠাসা। এত দর্শকের সামনে সাঁতরানোর অভিজ্ঞতা শুধু অলিম্পিকেই হয়েছে নৌবাহিনীর সাঁতারু মাহফিজুর রহমানের (সাগর)। এত দর্শক দেখে বিস্মিত মাহফিজুর, ‘আমি ভাবতেই পারিনি আমাদের দেশে সাঁতার দেখতে এত মানুষ আসবে। গ্যালারিতে জায়গা ছিল না। নিচে ঠাসাঠাসি করে দাঁড়িয়েও অনেকে সাঁতার দেখেছেন।’

সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক এম বি সাইফ একই সঙ্গে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থারও সাধারণ সম্পাদক। এত দর্শক দেখে তিনিও অবাক, ‘সাঁতার শুরুর আগে আমরা গোপালগঞ্জ শহরে মাইকিং করেছি। পোস্টার লাগিয়েছি। আজ (কাল) সকাল থেকে দেখি পুলে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে আছে মানুষ। প্রায় হাজার দুয়েক দর্শক ঢুকতে না পেরে মন খারাপ করে বাইরে ঘোরাঘুরি করেছে। এখানে সারা দিন ছিল উৎসবমুখর পরিবেশ। সাঁতারের প্রতি মানুষের এমন আগ্রহ আমাদের জন্য খুবই ইতিবাচক।’

প্রায় পাঁচ শ সাঁতারু অংশ নিচ্ছে এবারের জাতীয় সাঁতারে। বেশির ভাগেরই আবাসনের ব্যবস্থা করা হয়েছে স্থানীয় শেখ কামাল স্টেডিয়ামের ভিআইপি গ্যালারির কক্ষগুলোয়। অন্যরা থাকছে হোটেলে। প্রতিযোগিতার পারফরম্যান্স বিচার করা হচ্ছে হ্যান্ডটাইমিংয়ে। যে কারণে পুরুষ বিভাগে ৫০ মিটার ব্যাকস্ট্রোকের সোনার নিষ্পত্তি নিয়ে ঝামেলায় পড়তে হয়েছে বিচারকদের। বিষয়টা নিয়ে নৌবাহিনীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে সেনাবাহিনী। পরে অবশ্য নৌবাহিনীর মাহফিজুরকেই দেওয়া হয় সোনা।

খুশির পাশাপাশি আছে অসন্তোষও। পুলের পানি নিয়ে অভিযোগ অনেকের। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সাঁতারু জানালেন, ‘মিরপুরের মতো স্বচ্ছ না এখানকার পানি। ফিল্টারিংয়ে সমস্যা আছে।’

প্রথম দিনে তিনটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর সোনিয়া আক্তার (টুম্পা), ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সেনাবাহিনীর রোমানা আক্তার ও ছেলেদের ২০০ মিটার ফ্রি-স্টাইলে নৌবাহিনীর মাহফিজুর রেকর্ডগুলো গড়েছেন।