জাতীয় অ্যাথলেটিকসে ইলেকট্রনিক টাইমিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল থেকে শুরু তিন দিনব্যাপী ৩৭তম জাতীয় অ্যাথলেটিকসে থাকছে ইলেট্রনিক টাইমিং। যখন ইলেকট্রনিক মেশিন ছিল না, তখন এই সুবিধা নেওয়ার প্রশ্নই আসেনি। তবে ২০১০ সালের এসএ গেমসে দেশে ইলেট্রনিক মেশিন আনার পরও ঘরোয়া আয়োজন এত দিন হয়ে এসেছে হাতঘড়িতে। মেশিন অকেজো বলে নানা অজুহাত দেওয়া হতো। এবার আর অজুহাত দেওয়া যাচ্ছে না।কাল অ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদ জানিয়েছেন, এই প্রথম পদক বিজয়ীদের আর্থিক পুরস্কার দেওয়া হবে। কিন্তু পুরস্কারের টাকাটা খুবই নগণ্য। সোনাজয়ী অ্যাথলেটের জন্য দুই হাজার টাকা এবং রুপা ও ব্রোঞ্জের জন্য যথাক্রমে এক হাজার ও পাঁচ শ টাকা। কেউ নতুন জাতীয় রেকর্ড গড়লে অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস তাঁকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেবেন। প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ওয়ালটনের পক্ষ থেকে নতুন রেকর্ডধারীর জন্য থাকছে বিশেষ উপহার। সাবেক অ্যাথলেট আরিফুল হক ১০ হাজার টাকা পুরস্কার দেবেন সেরা অ্যাথলেটকে। জাতীয় অ্যাথলেটিকসকে প্রতিদ্বন্দ্বিতা দিয়ে মাপতে যাবেন না, এটা তো এখন অ্যাথলেটদের পুনর্মিলনের উপলক্ষ। গতবার এতে অংশ নিয়েছিল ৮১টি দল। এবার গত মঙ্গলবার পর্যন্ত নিবন্ধন করেছে ২১টি দল। প্রতিযোগিতার কো-স্পনসর এনসিসি ব্যাংক, রিফ্লেকশন হোল্ডিংস ও ট্রান্সকম বেভারেজ। অ্যাথলেটিকস ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে স্পনসর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে।