জাতীয় অ্যাথলেটিকসে হ্যান্ড টাইমিং নয়
জাতীয় অ্যাথলেটিকস মানে দেশের সেরা অ্যাথলেটদের পরীক্ষার মঞ্চ। আজ সেই মঞ্চ তাদের জন্য তৈরি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে দু দিনের ওয়ালটন ৩৫তম জাতীয় অ্যাথলেটিকস। অ্যাথলেটদের জন্য সুখরব, এবার আর হ্যান্ড টাইমিং নয়। এসএ গেমসের সময় আনা ইলেকট্রনিকস বোর্ড ব্যবহার করা হবে এই প্রতিযোগিতায়। যাতে ইভেন্ট ৩৬টি, অংশ নিচ্ছেন প্রায় ৫০০ অ্যাথলেট।অ্যাথলেটদের জন্য ভালো খবর আছে আরও। সবচেয়ে বেশি সোনাজয়ী পুরুষ ও মহিলা অ্যাথলেটকে পুরস্কার দেবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন। পুরস্কৃত করা হবে দ্রুততম মানব ও মানবীকেও। সাবেক জাতীয় অ্যাথলেট আরিফুল হক এগিয়ে এসেছেন কিছু অর্থ পুরস্কার নিয়ে। এসব কিছু জানানো হলো সংবাদ সম্মেলনে। যাতে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এস এম আলী কবির, সাধারণ সম্পাদক শাহ আলম, ওয়ালটন কোম্পানির কর্মকর্তা হুমায়ুন কবির।